সৌদির জাজান বন্দরে হুথিদের হামলা
ছবি: সংগৃহীত
১১:২৬ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
সৌদি আরবের লোহিত সাগরের বন্দর জাজানে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বুধবার (২৫ নভেম্বর) এক্সে বলেছে, হুথিদের ছোড়া একটি বস্তু জাজানে আঘাত হেনেছে। তবে এটি মিসাইল নাকি ড্রোন তা উল্লেখ করেনি সামরিক জোট।
হুথিদের এ হামলায় ‘স্বল্প ক্ষতি এবং কোনো বেসামরিক মানুষ হতাহত’ হননি বলে জানিয়েছেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
হুথিরা এ হামলায় কী ব্যবহার করছে সেটিও নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এরআগে হুথিরা সৌদির লোহিত সাগর তীরবর্তী সব বন্দরে হামলার হুমকি দিয়েছিল। এ সময় তারা বন্দরগুলো খালি করে দিতেও বলেছিল।
এই হুমকি তারা মূলত দিয়েছিল সৌদি জোট হোদেইদা বন্দরে হামলার হুমকি দেওয়ার পর। এরপরই সৌদির বন্দরে হামলার পাল্টা হুমকি দেয় ইরান সমর্থিত বিদ্রোহীরা।
হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে এ নিয়ে বিবৃতিতে বলেন, জেদ্দাসহ অন্যান্য বন্দরগুলোতে কর্মরত কর্মী ও শ্রমিকদের পাশাপাশি বন্দরগুলোর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এছাড়া, শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ সরিয়ে নিতে বলেন তিনি।
লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান বন্দর, এই বন্দরের মাধ্যমেই খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে প্রবেশ করে। দীর্ঘকাল ধরে এই বন্দরটি মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
আমদানিকৃত খাদ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য হোদেইদা বন্দর রীতিমতো একটি লাইফলাইন হিসেবে কাজ করছে বহু বছর ধরে।
সূত্র: আলজাজিরা
এমআর/