© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নজরুল জন্মজয়ন্তীকে ‘জাতীয় সম্প্রীতি দিবস’ হিসেবে ঘোষণার পক্ষে মত দিলেন তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
নজরুল জন্মজয়ন্তীকে ‘জাতীয় সম্প্রীতি দিবস’ হিসেবে ঘোষণার পক্ষে মত দিলেন তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৪ এএম | ২৩ মে, ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে ‘জাতীয় সম্প্রীতি দিবস’ হিসেবে ঘোষণা করার পক্ষে মত দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মত দেন।

আগামী ১১ জ্যৈষ্ঠ (সোমবার) “দ্রোহ, প্রেম, চেতনার কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয় ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ শীর্ষক এই অনুষ্ঠান।

মন্ত্রী বলেন, শৈশব-কৈশোরে নজরুলের কবিতা দ্বারা কারও মনোজগতের গাঁথুনি তৈরি হয়নি, এমন মানুষ পাওয়া যাবে না। যারা নজরুলের কবিতা পড়েন তাদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি প্রেম সর্বোপরি জীবনকে উৎসর্গ করার মনোজগৎ তৈরি হয়।

তিনি আরও বলেন, বিভাজন নয়, বাংলাদেশের সকল ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছে—এটাই কবি নজরুলের সম্প্রীতি। কবি নিজে এতটা সম্প্রীতি ধারণ করে তার সৃষ্টিকর্ম উপহার দিয়েছেন তাহলে জাতি হিসেবে আমরা পারব না কেন?

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী। মুখ্য আলোচক ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

আলোচনা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তি দিয়ে সাজানো ছিল এই অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বের শুরুতেই নারী জাগরণের গান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। এরপর পরিবেশিত হয় ‘বুলবুলি তুই ফুলশাখাতে দিস নে আজি দোল’।

এর পাশাপাশি দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় কবির স্মরণে আলোচনা ও তার সৃষ্টিকর্ম নিয়ে নানান অনুষ্ঠানমালা পরিবেশিত হবে বলে জানিয়েছে শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ।

আলোচনা-পরবর্তী সাংস্কৃতিক পর্বে নজরুলসৃষ্ট গানের পরিবেশনা, কবিতার আবৃত্তি ও নজরুলের গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। রবিবার (২৪ মে) শেষ হবে তিন দিনের এই অনুষ্ঠানমালা।

এসএ/টিএ

মন্তব্য করুন