তিশার মৃত্যুর ১০ দিন পর অবশেষে গ্রেপ্তার স্বামী
ছবি: সংগৃহীত
০৮:৫৯ এএম | ২৩ মে, ২০২৬
প্রাক্তন মিস পুনে তিশা শর্মার রহস্যমৃত্যু ঘিরে গত কয়েক দিন ধরেই উত্তাল ছিল সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যম। অবশেষে সেই ঘটনায় বড় পদক্ষেপ নিল পুলিশ। মৃত্যুর ১০ দিন পর গ্রেফতার করা হয়েছে তিশার স্বামী সমরনাথ সিংকে। তিশার মৃত্যুর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
তিশার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। ক্রমাগত চাপের মুখে ছিলেন তিনি। পরিবারের দাবি, সেই অত্যাচারই শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। শুধু সমরনাথ নন, শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিশার স্বজনরা।

কয়েক দিন আগে ভোপালের বাড়ি থেকে তিশার মরদেহ উদ্ধার হয় রহস্যজনক অবস্থায়। তারপর থেকেই ঘটনাটি ঘিরে শুরু হয় নানা জল্পনা। একদিকে তিশার পরিবার যখন নির্যাতনের অভিযোগ তুলছে, অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন তাঁর শাশুড়ি, প্রাক্তন বিচারপতি গিরিবালা সিং। তাঁর বক্তব্য, সমরনাথকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে। বরং তিশার মা-বাবাই তাঁকে জোর করে গ্ল্যামার জগতে নিয়ে এসেছিলেন। সেই চাপ থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি তাঁর।
তবে সেই বক্তব্য মানতে নারাজ তিশার পরিবার। তাঁদের দাবি, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তাই সত্য সামনে আনতে দ্বিতীয় ময়নাতদন্তের আবেদনও জানিয়েছেন তাঁরা।
সমরনাথ সিং গ্রেফতার হওয়ার পর এবার তদন্ত কোন দিকে মোড় নেয়, নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর এখন সবার। তিশার মৃত্যু আত্মহত্যা, নাকি দীর্ঘ দিনের নির্যাতনের পরিণতি- সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশও।
এসএ/টিএ