মাইকেল জ্যাকসনকে ঘৃণা করেন রামগোপাল বর্মা!
ছবি: সংগৃহীত
০৯:৩২ এএম | ২৩ মে, ২০২৬
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে তৈরি হলিউডি বায়োপিক ‘মাইকেল’ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সাধারণ দর্শকদের উচ্ছ্বাসে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই কয়েকশো মিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলেছে এই ছবি। ভারতীয় তারকাদের মধ্যেও ছবিটি নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। কিন্তু সেই ছবিই যেন পুরনো এক যন্ত্রণা নতুন করে জাগিয়ে তুলল পরিচালক রামগোপাল বর্মার মনে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ আবেগঘন পোস্ট করেন তিনি। আর সেখানে অকপটেই লিখে ফেলেন, তিনি নাকি মাইকেল জ্যাকসনকে ‘ঘৃণা’ করেন। তবে সেই ঘৃণার পেছনে নেই কোনও বিদ্বেষ। বরং রয়েছে গভীর ভালোবাসা, অভিমান আর না-পারা এক শূন্যতার অনুভূতি।

ছবিটি দেখার পর রামগোপাল যেন ফিরে গিয়েছিলেন ২০০৯ সালের ২৫ জুনের সেই ভয়াবহ সকালে। যেদিন পৃথিবী হারিয়েছিল পপ সংগীতের সবচেয়ে বড় তারকাকে। নিজের পোস্টে সেই স্মৃতির কথাই তুলে ধরেন তিনি। লেখেন, গভীর রাতে টেলিভিশন চলছিল। সকালে ঘুম ভেঙে চোখে পড়ে কালো পর্দায় সাদা অক্ষরে ভেসে ওঠা খবর- ‘মাইকেল জ্যাকসন আর নেই’।
সেই মুহূর্তটাকে আজও দুঃস্বপ্নের মতো মনে হয় তাঁর। কয়েক সেকেন্ডের জন্য বিশ্বাসই করতে পারেননি খবরটি সত্যি। কিন্তু টেলিভিশনের পর্দা থেকে সেই সংবাদ আর সরেনি। আর ঠিক সেই অসহায় অনুভূতিই আবার ফিরে এসেছে ‘মাইকেল’ ছবিটি দেখার পর।
রামগোপাল বর্মার এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে তাঁর আবেগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলছেন, একজন শিল্পীর প্রতি গভীর অনুরাগ থেকেই এমন তীব্র অভিমান জন্ম নিতে পারে। মাইকেল জ্যাকসন যে এখনও কোটি মানুষের আবেগের নাম, রামগোপাল বর্মার পোস্ট যেন আবারও সেটাই মনে করিয়ে দিল।
এসএ/টিএ