© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দ্য ওডিসি’-তে কাস্টিং বিতর্কইলন মাস্কদের জবাব দিতে নারাজ অস্কারজয়ী লুপিটার

শেয়ার করুন:
ইলন মাস্কদের জবাব দিতে নারাজ অস্কারজয়ী লুপিটার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৫ এএম | ২৩ মে, ২০২৬
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহু প্রতীক্ষিত নতুন সিনেমা ‘দ্য ওডিসি’-তে নিজের কাস্টিং নিয়ে তৈরি হওয়া বর্ণবাদী সমালোচনার মুখে অবশেষে মুখ খুলেছেন অস্কারজয়ী অভিনেত্রী লুপিটা নিয়ং’ও। নোলানের এই মহাকাব্যিক চলচ্চিত্রে লুপিটা প্রাচীন গ্রিসের পৌরাণিক চরিত্র ‘হেলেন অব ট্রয়’ এবং তার সৎবোন ‘ক্লাইটেমনেস্ট্রা’—এই দুটি গুরুত্বপূর্ণ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন।

একজন কৃষ্ণাঙ্গ অভিনেত্রীকে প্রাচীন গ্রিসের ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রে রূপদান করার সিদ্ধান্তকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে উগ্র ডানপন্থী সমালোচক মহলে তীব্র বিতর্ক চলছে। বিশেষ করে রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক ম্যাট ওয়ালশ এবং প্রযুক্তি ধনকুবের ইলন মাস্কের মতো ব্যক্তিত্বরা এই সিদ্ধান্তের প্রকাশ্য সমালোচনা করার পর বিতর্কটি আরও উসকে ওঠে।

সম্প্রতি ‘এল’ (Elle) সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে লুপিটা নিয়ং’ও তার বর্ণবাদী সমালোচকদের মনে করিয়ে দিয়ে বলেছেন যে, ‘দ্য ওডিসি’ আসলে একটি পৌরাণিক বা কাল্পনিক গল্প, কোনো ঐতিহাসিক প্রামাণ্য দলিল নয়। তিনি আরও উল্লেখ করেন যে, এই সিনেমাটি নিয়ে পরিচালক ক্রিস্টোফার নোলানের দৃষ্টিভঙ্গি এবং তিনি যেভাবে গল্পটি বলতে চেয়েছেন, তার প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে।



সিনেমার কাস্টিং প্রসঙ্গে লুপিটা বলেন, এই চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের দল পুরো পৃথিবীর বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করে। তাই বর্ণবাদী সমালোচনা বা ট্রোলের জবাব দিতে নিজের মূল্যবান সময় নষ্ট করার কোনো ইচ্ছে তার নেই, কারণ তিনি এতে অংশ নেন বা না নেন, সমালোচনা তার নিজস্ব গতিতেই চলবে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই মহাকাব্যের অংশ হতে পেরে এবং বর্তমান সময়ের একটি মহাকাব্যিক আখ্যানের সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত।

অন্যদিকের কাস্টিং নিয়ে চলমান এই বিতর্ক বা বর্ণবাদী প্রতিক্রিয়া নিয়ে পরিচালক ক্রিস্টোফার নোলান কিংবা এর প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে চলচ্চিত্রে তথাকথিত ‘ঐতিহাসিক নির্ভুলতা’ নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের একপ্রকার উড়িয়ে দিয়ে নোলান এর আগেই বলেছিলেন যে, দর্শকরা সবকিছুর সঙ্গে একমত হতে না পারলেও সিনেমাটি উপভোগ করবেন বলেই তার বিশ্বাস। তিনি উদাহরণ টেনে বলেন, তার পূর্ববর্তী বিজ্ঞান কল্পকাহিনির চলচ্চিত্র ‘ইন্টারস্টেলার’ মুক্তির পরও অনেক বিজ্ঞানী নানা খুঁত ধরেছিলেন, তবে দিনশেষে ছবিটির গুরুত্ব সবাই অনুধাবন করেছেন।

আগামী জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই বিগ বাজেটের চলচ্চিত্রে মূল চরিত্র ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করছেন হলিউড তারকা ম্যাট ডেমন। এ ছাড়া নোলানের নিয়মিত অভিনয়শিল্পী অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন এবং এলিয়ট পেজের পাশাপাশি এই তারকাবহুল সিনেমায় আরও দেখা যাবে টম হল্যান্ড, জেনডায়া, মিয়া গথ, ট্র্যাভিস স্কট এবং অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরনকে।

সূত্র: হাফপোস্ট 


এসএ/ টিএ

মন্তব্য করুন