© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেক্ষাগৃহের সাফল্যের পর এবার ওটিটিতে আসছে ‘প্যাট্রিয়ট’

শেয়ার করুন:
প্রেক্ষাগৃহের সাফল্যের পর এবার ওটিটিতে আসছে ‘প্যাট্রিয়ট’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ এএম | ২৩ মে, ২০২৬
প্রেক্ষাগৃহে দুর্দান্ত সাফল্যের পর এবার ওটিটি দর্শকদের সামনে আসতে চলেছে মালায়ালম স্পাই থ্রিলার ‘প্যাট্রিয়ট’। মুক্তির পর থেকেই রাজনীতি, ক্ষমতা আর গোপন নজরদারির গল্পে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল ছবিটি। আর এবার ডিজিটাল মুক্তির ঘোষণার পর সেই উন্মাদনা যেন আরও বেড়ে গেল।

শুক্রবার ছবিটির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে জানান, আগামী ৫ জুন থেকে জি৫-এ স্ট্রিমিং শুরু হবে ‘প্যাট্রিয়ট’-এর। মহেশ নারায়ণন পরিচালিত এই ছবিটি ইতিমধ্যেই মালায়ালম সিনেমাপ্রেমীদের কাছে বছরের অন্যতম আলোচিত কাজ হিসেবে জায়গা করে নিয়েছে।

এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে মামুটি ও মোহনলালের একসঙ্গে ফেরা। দীর্ঘ ১৮ বছর পর আবারও একই পর্দায় দেখা গেছে দক্ষিণী সিনেমার এই দুই মহাতারকাকে। গত ১ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই তাঁদের রসায়ন নিয়ে প্রশংসা করছেন দর্শকরা।



ছবির গল্প আবর্তিত হয়েছে ড্যানিয়েল জেমসকে ঘিরে। মামুটি অভিনীত এই চরিত্র একজন জ্যেষ্ঠ বৈজ্ঞানিক উপদেষ্টা, যিনি একটি শক্তিশালী স্পাইওয়্যার ব্যবস্থার অপব্যবহার এবং তার পেছনের রাজনৈতিক ও করপোরেট ষড়যন্ত্র সামনে আনতে চেষ্টা করেন। অন্যদিকে মোহনলাল অভিনয় করেছেন রহিম চরিত্রে। সাবেক সামরিক কর্মকর্তা রহিম ড্যানিয়েলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে ওঠেন।

শুধু দুই মহাতারকাই নন, ছবিটিতে আরও রয়েছেন ফাহাদ ফাসিল, কুঞ্চাকো বোবান, নয়নতারা, রেবতী, দর্শনা রাজেন্দ্রন, গীতি সঙ্গীতা, জারিন শিহাব ও গ্রেস অ্যান্টনির মতো জনপ্রিয় মুখ। ফলে ছবিটির তারকাবহুল উপস্থিতিও দর্শকদের আগ্রহ বাড়িয়েছে অনেকটাই।

রোমাঞ্চকর গল্পের পাশাপাশি ‘প্যাট্রিয়ট’-এর সংগীত ও চিত্রগ্রহণও ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। সুশিন শ্যামের আবহসংগীত আর মানুষ নন্দনের ক্যামেরার কাজ ছবিটির উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে মত দর্শকদের একাংশের।

প্রেক্ষাগৃহের সাফল্যের পর এবার ওটিটি পর্দায় ‘প্যাট্রিয়ট’ কতটা সাড়া ফেলে, সেটাই দেখার অপেক্ষা।


এসএ/টিএ

মন্তব্য করুন