© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কার হাতে উঠছে কানের সর্বোচ্চ সম্মান পাম দ্য’র বা স্বর্ণপাম?

শেয়ার করুন:
কার হাতে উঠছে কানের সর্বোচ্চ সম্মান পাম দ্য’র বা স্বর্ণপাম?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৫ এএম | ২৩ মে, ২০২৬
বেজে উঠেছে কান চলচ্চিত্র উৎসবের বিদায় ঘণ্টা। টানা ১২ দিনের জমজমাট আয়োজন শেষ হচ্ছে আজ। আর সেই সঙ্গে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের চোখ এখন এক জায়গাতেই আটকে- এবারের স্বর্ণপাম কার হাতে উঠতে চলেছে?

উৎসবের শেষ দিনে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে রুশ নির্মাতা আন্দ্রে জাভিয়াগিন্তসেভের সিনেমা ‘মিনোটর’। ব্রিটিশ গণমাধ্যমের বিশ্লেষকদের মতে, এবারের কানের সমীকরণ বদলে দিতে পারে এই ছবিই। বিশেষ করে নির্মাতার ব্যক্তিগত লড়াই আর ছবির রাজনৈতিক ভাষ্য ইতিমধ্যেই উৎসবজুড়ে তৈরি করেছে আলাদা আগ্রহ।

কোভিড মহামারির সময় টানা ৪০ দিন কোমায় ছিলেন আন্দ্রে জাভিয়াগিন্তসেভ। সেই সময় তাঁর ফুসফুসের প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর এবার ‘মিনোটর’ দিয়ে যেন নতুন করেই আলোচনায় ফিরলেন তিনি।

গ্রিক পুরাণের রূপক ব্যবহার করে নির্মিত এই সিনেমায় তুলে ধরা হয়েছে ক্ষমতার দম্ভ, দুর্নীতি এবং ইউক্রেন যুদ্ধের নির্মম বাস্তবতা। তবে পুরো বিষয়টি দেখানো হয়েছে এক পারিবারিক সংকটের আবরণে। আর সেই নির্মাণশৈলীই দর্শক ও সমালোচকদের আলাদাভাবে আকৃষ্ট করেছে।



তবে স্বর্ণপামের লড়াই মোটেও সহজ হচ্ছে না। ‘মিনোটর’-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে পোলিশ নির্মাতা পাভেল পাভলিকোভস্কির ‘ফাদারল্যান্ড’। স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটি ইতিমধ্যেই আন্তর্জাতিক সমালোচকদের কাছ থেকে সর্বোচ্চ প্রশংসা কুড়িয়েছে।

এছাড়া পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’, জেমস গ্রের ‘পেপার টাইগার’ এবং রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ ছবিগুলোকেও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। ফলে শেষ মুহূর্তে কোন ছবি বাজিমাত করবে, তা নিয়ে বাড়ছে উত্তেজনা।

অন্যদিকে অভিনয় বিভাগেও চলছে জোর আলোচনা। রোমানিয়ান নির্মাতা ক্রিস্টিয়ান মুঞ্জিউর মনস্তাত্ত্বিক থ্রিলার ‘ফিয়র্ড’-এ অভিনয়ের জন্য সেবাস্তিয়ান স্ট্যানকে সম্ভাব্য সেরা অভিনেতা হিসেবে ভাবছেন অনেকে।

আজ রাতেই কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। জুরিপ্রধান পার্ক ছান উক ও তাঁর দল কার হাতে তুলে দেন এবারের সবচেয়ে সম্মানজনক পুরস্কার, এখন সেটাই দেখার অপেক্ষা।


এসএ/টিএ

মন্তব্য করুন