হাসপাতালে ভর্তি দর্শনা, শারীরিক অবস্থা নিয়ে কী বললেন সৌরভ?
ছবি: সংগৃহীত
০১:৫০ পিএম | ২৩ মে, ২০২৬
কয়েক দিন ধরেই জ্বর আর পেটের সংক্রমণে ভুগছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। তবে অসুস্থ শরীর নিয়েও থামেনি কাজ। একের পর এক বিজ্ঞাপনী ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত কাজের চাপই যেন বিপদ ডেকে আনল। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় অভিনেত্রীকে।
জানা গেছে, প্রথমে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন দর্শনা। কিন্তু শারীরিক পরিস্থিতি দেখে চিকিৎসকরাই তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে।
এই বিষয়ে অভিনেত্রীর স্বামী ও অভিনেতা সৌরভ দাস জানিয়েছেন, গত কয়েক দিন ধরে দর্শনার কাজের চাপ অনেক বেশি ছিল। নিয়মিত শুটিংয়ের কারণে বিশ্রাম ও খাওয়াদাওয়ার সময়েও অনিয়ম হচ্ছিল। তাঁর ধারণা, শুটিংয়ের ফাঁকে এমন কিছু খাওয়া হয়েছিল যা শরীর সহ্য করতে পারেনি। সেখান থেকেই পেটে সংক্রমণ এবং শারীরিক দুর্বলতা তৈরি হয়।

সৌরভ আরও জানান, প্রচণ্ড গরমের কারণে দর্শনা ডিহাইড্রেশনের সমস্যাতেও ভুগছিলেন। শুটিং চলাকালে রোদ লাগার কারণেও শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা। কয়েক দিন ধরেই জ্বর আসা-যাওয়া করছিল।
তবে বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন দর্শনা। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, এখন আর ভয় পাওয়ার মতো কিছু নেই। সব ঠিক থাকলে শনিবার হাসপাতাল থেকে ছাড়াও পেতে পারেন তিনি।
এদিকে ঠিক এই সময়েই মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন মনস্তাত্ত্বিক থ্রিলার ‘গোর্কির মা’। ‘ফ্রাইডে’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাওয়া এই সিরিজে দর্শনা বণিকের সঙ্গে অভিনয় করেছেন সৌরভ দাস ও অনন্যা চট্টোপাধ্যায়। সিরিজ মুক্তির আগেই অভিনেত্রীর অসুস্থতার খবর স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে।
এসএ/টিএ