বক্স অফিসে ঝড় তুলেছে বিজয়ের ‘প্রেমিকা’র সিনেমা
ছবি: সংগৃহীত
০৪:০০ পিএম | ২৩ মে, ২০২৬
ব্যক্তিজীবন ও অভিনয় দুই কারণেই বরাবরই আলোচনায় থাকেন দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণান। থালাপতি বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই এবার নতুন করে প্রশংসা কুড়াচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘কারুপ্পু’।
সুরিয়ার সঙ্গে জুটি বেঁধে তৃষা অভিনীত ছবিটি মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। পরিচালক আরজে বালাজি নির্মিত ‘কারুপ্পু’ মুক্তির এক সপ্তাহের মধ্যেই তামিলনাড়ুতে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া ফেলেছে ছবিটি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ইতিমধ্যে ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
তামিলনাড়ুতে ছবিটির পরিবেশক শক্তিভেলান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘আমার পরিবেশনাজীবনের এক ঐতিহাসিক মাইলফলক। করুপ্পু তামিলনাড়ু বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে, এটা আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়, ভীষণ আবেগের ও গর্বের মুহূর্ত।’
ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে ভারতে ‘কারুপ্পু’র নিট আয় ছিল ১১৩ কোটি ৮৫ লাখ রুপি। অষ্টম দিনে ছবিটির দেশীয় আয় পৌঁছেছে ১২১ কোটি ৬৫ লাখ রুপিতে।
এর বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে। পাশাপাশি তেলুগু ভাষায় ‘বীরভদ্রুডু’ নামেও ছবিটি ভালো ব্যবসা করছে।
বিদেশের বাজার থেকেও ছবিটি আয় করেছে প্রায় ৬০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘কারুপ্পু’র মোট আয় দাঁড়িয়েছে ২০০ কোটি ৮৬ লাখ রুপিতে।
এই সাফল্যের মাধ্যমে গত ৯ মাসে তামিলনাড়ুতে ১০০ কোটির বেশি আয় করা প্রথম তামিল সিনেমা হয়ে উঠেছে ‘কারুপ্পু’।
এর আগে এই রেকর্ড গড়েছিল লোকেশ কানাগারাজ পরিচালিত রজনীকান্ত অভিনীত ‘কুলি’। ২০২৫ সালের আগস্টে মুক্তিপ্রাপ্ত সেই ছবিটি ভারতে ২৮৫ কোটির বেশি এবং বিশ্বব্যাপী প্রায় ৫১৮ কোটি রুপি আয় করেছিল।

‘কারুপ্পু’র চিত্রনাট্য লিখেছেন আর জে বালাজি নিজেই। তাঁর সঙ্গে ছিলেন রত্না কুমার, অশ্বিন রবিচন্দ্রন, রাহুল রাজ, টি এস গোপি কৃষ্ণন ও করণ অরবিন্দ কুমার।
ড্রিম ওয়ারিয়র পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে সুরিয়া ও তৃষা কৃষ্ণানের পাশাপাশি অভিনয় করেছেন ইন্দ্রান্স, অনাঘা মায়া রবি, ন্যাটি সুব্রামানিয়াম, স্বাসিকা, শিবদা ও সুপ্রিথ রেড্ডি। সংগীত পরিচালনা করেছেন সাই অভ্যাংকার।
পিআরি/টিকে