© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে আসছে ‘যাযাবর’

শেয়ার করুন:
ঈদে আসছে ‘যাযাবর’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৮ পিএম | ২৩ মে, ২০২৬
প্রতিটি উৎসবই যেন বয়ে নিয়ে আসে নতুন অনুভূতির দোলা। আর সেই উৎসবের রঙে শ্রোতাদের মনে সুরের নতুন আবিলতা ছড়াতে, গত ঈদুল ফিতরের ধারাবাহিকতায় এবার ঈদুল আজহায় নতুন গান নিয়ে হাজির হচ্ছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘কন্সট্যান্ট’। ভিন্ন ধারার ও ভিন্ন আঙ্গিকের এই নতুন গানটির শিরোনাম ‘যাযাবর’। দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে গানটি মুক্তি পেতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে মৌলিক গান নিয়ে কাজ করা কন্সট্যান্ট এবার নিজেদের চেনা ছক ভেঙে শ্রোতাদের সামনে হাজির হচ্ছে। সচরাচর তাদের যে চেনা রক ঘরানার গান শুনে শ্রোতারা অভ্যস্ত, তা থেকে বেরিয়ে ‘যাযাবর’ গানটিতে রাখা হয়েছে ‘পাঙ্ক ব্লুজ’ ফ্লেভারের এক দারুণ আবহ। ব্যান্ডটির দাবি, এই নতুন এক্সপেরিমেন্ট শ্রোতাদের জন্য একেবারেই ভিন্ন এক সংগীতের অভিজ্ঞতা তৈরি করবে।

ব্যতিক্রমী এই গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার ও ভোকালিস্ট দেওয়ান হাসিবুর রহমান রাব্বি। শুধু সৃষ্টিতেই নয়, গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। ব্যান্ড সদস্যদের মতে, ‘যাযাবর’ মূলত জীবনের অজানা পথচলা, সব চেনা বন্ধন ভেঙে মুক্ত হওয়ার আকুল আকাঙ্ক্ষা এবং নিজের ভেতরের স্বাধীন সত্তাকে খুঁজে পাওয়ার এক অনন্য গল্প।

গানটি প্রসঙ্গে কন্সট্যান্টের বেসিস্ট ও কো-অর্ডিনেটর আহম্মদ মোস্তফা আকিক বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি প্রতিটি নতুন গানে আলাদা কিছু করার। ‘যাযাবর’ গানটিতে আমাদের সচরাচর স্টাইল থেকে বের হয়ে পাঙ্ক ব্লুজ ফ্লেভার নিয়ে কাজ করেছি, যেন শ্রোতারা গানটি শুনে ভিন্ন এক স্বাদ অনুভব করতে পারেন। মূলত এটি মুক্ত জীবনের অনুভূতি আর নিজের ভেতরের অস্থিরতাকে প্রকাশ করার একটি প্রচেষ্টা।’

ঈদুল আজহার মতো বড় উৎসবে এমন একটি এক্সপেরিমেন্টাল সাউন্ডের গান প্রকাশ করতে পেরে ব্যান্ডের সব সদস্যই বেশ উচ্ছ্বসিত। তাদের বিশ্বাস, গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

২০০৫ সালে যাত্রা শুরু করা কন্সট্যান্ট বাংলাদেশের ব্যান্ড সংগীত অঙ্গনে দীর্ঘদিন ধরেই একটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম। ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে প্রকাশিত তাদের ‘স্বপ্নমিছিল’ গানটি ব্যান্ডটিকে দারুণ পরিচিতি এনে দেয়। এ ছাড়া ‘মেঘবালিকা’, ‘ক্ষমা’, ‘স্বাধীনতা’, ‘সাদাকালো’ এবং সম্প্রতি প্রকাশিত ‘ইচ্ছের আকাশ’ গানগুলোও শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে।

বর্তমানে কন্সট্যান্ট ব্যান্ডের লাইনআপে রয়েছেন জীবন (লিড গিটার), রাব্বি (ড্রামস ও ভোকাল), ইমন (লিড ভয়েস) এবং আকিক (বেজ)।

ভবিষ্যতেও এমন ভিন্নধর্মী ও বৈচিত্র্যময় মৌলিক গান নিয়ে শ্রোতাদের মাঝে নিয়মিত হাজির থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যান্ডের সদস্যরা। ঈদুল আজহার এই বিশেষ সময়ে ‘যাযাবর’ হয়তো হয়ে উঠবে সেইসব মানুষের মনের খোরাক, যারা জীবনের হাজারো ব্যস্ততা আর ভিড়ের মাঝে নিজের জন্য একটু মুক্ত আকাশ খুঁজে বেড়ান।

পিআরি/টিকে

মন্তব্য করুন