একের পর এক বিপদে দীপিকা, এবার অসুস্থ শ্বশুর
ছবি: সংগৃহীত
০৬:৩৬ পিএম | ২৩ মে, ২০২৬
দীর্ঘদিন ধরেই কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। গত বছর তাঁর যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়ার পর থেকেই বারবার শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। অস্ত্রোপচারের মাধ্যমে শরীর থেকে টেনিস বলের আকারের টিউমার অপসারণ করা হলেও পুরোপুরি স্বস্তিতে ফিরতে পারেননি অভিনেত্রী। মাঝেমধ্যেই অসুস্থতার খবর সামনে এসেছে। এরই মধ্যে আবারও নতুন দুশ্চিন্তা নেমে এসেছে তাঁদের পরিবারে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন দীপিকার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম। সেখানে তিনি সকলের কাছে তাঁর বাবার জন্য প্রার্থনা চেয়েছেন। শোয়েব জানান, তাঁর বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
জানা গেছে, ২০২১ সালে প্রথমবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল শোয়েবের বাবার। সেই ঘটনার পর দীর্ঘদিন হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি। পরিবার ধীরে ধীরে সেই কঠিন সময় কাটিয়ে উঠতে শুরু করলেও সম্প্রতি আবারও মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাঁর। পরিস্থিতি এতটাই জটিল যে চিকিৎসকেরা আগামী ২৪ ঘণ্টা না পেরোনো পর্যন্ত কিছু নিশ্চিত করে বলতে পারছেন না।

শোয়েব তাঁর বার্তায় জানান, পরিবারের এই কঠিন সময়ে সবার দোয়া প্রয়োজন। বাবার অবস্থা অত্যন্ত সংকটজনক বলেও উল্লেখ করেন তিনি। তাঁর এই বার্তার পর থেকেই ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে প্রার্থনা ও শুভকামনা জানাতে শুরু করেছেন।
অন্যদিকে, নিজের অসুস্থতা ও সুস্থ হয়ে ওঠার নানা মুহূর্ত নিয়মিতভাবে দৃশ্যদিনলিপিতে তুলে ধরতেন দীপিকা। সেখানে বহুবার তাঁর শ্বশুরকেও দেখা গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক বরাবরই অনুরাগীদের নজর কেড়েছে। তবে সুস্থতার পথে ফিরতে না ফিরতেই পরিবারে নতুন এই বিপদে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে অভিনেত্রীকে ঘিরেও।
পিআরি/টিকে