সাড়ে চার মিনিটেই বাজিমাত করলো জুনিয়র এনটিআর
ছবি: সংগৃহীত
০৭:০১ পিএম | ২৩ মে, ২০২৬
দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং প্রখ্যাত নির্মাতা প্রশান্ত নীলের বহুল প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া সিনেমাটি নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে। এতদিন ‘এনটিআরনীল’ নামে পরিচিত এই মেগা প্রজেক্টটির সম্ভাব্য নাম ‘ড্রাগন’। সম্প্রতি ভারতের সেন্সর বোর্ডের ওয়েবসাইটে সিনেমাটির একটি ভিডিওর সেন্সর সনদ বা গ্লিম্পস সার্টিফিকেশনের তথ্য প্রকাশ পাওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। সেখানে ‘গ্লিম্পস অব ড্রাগন’ নামে ভিডিওটি তালিকাভুক্ত করা হয়েছে, যা ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
চলচ্চিত্রপ্রেমীদের মাঝে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে এই গ্লিম্পসটির দৈর্ঘ্য। সেন্সর বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটির রানটাইম নির্ধারিত হয়েছে ৪ মিনিট ৩৫ সেকেন্ড। সাধারণ প্রেক্ষাপটে যে কোনো সিনেমার গ্লিম্পস বা টিজার এক থেকে দুই মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং ট্রেলারগুলোও তিন মিনিটের বেশি হয় না।
সেই হিসাবে সাড়ে চার মিনিটের এই দীর্ঘ গ্লিম্পসকে প্রায় একটি শর্টফিল্মের সমান বলে মনে করছেন দর্শক। জানা গেছে, ভিডিওটি সেন্সর বোর্ড থেকে ‘ইউ এ ১৬ প্লাস’ সনদ পেয়েছে। এর ফলে ধারণা করা হচ্ছে, এতে প্রশান্ত নীলের নিজস্ব নির্মাণশৈলীর বৈশিষ্ট্য অনুযায়ী প্রচণ্ড সহিংস অ্যাকশন ও তীব্র গতির দৃশ্য থাকতে পারে।
এদিকে গত ২০ মে জুনিয়র এনটিআরের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ১৯ মে মধ্যরাতে অর্থাৎ জন্মদিনের প্রথম প্রহরে বিশেষ এক ভিডিও প্রকাশ করা হয়, যা এনটিআর ভক্তদের জন্য ছিল সেরা উপহার।
সিনেমাটির দৃশ্যধারণ ও নির্মাণের পেছনে রয়েছে বিশাল বাজেট এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় দুই প্রযোজনা প্রতিষ্ঠান মৈত্রী মুভি মেকারস ও এনটিআর আর্টস। সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী বসন্তকে। এ ছাড়া বলিউড তারকা অনিল কাপুর এই প্রজেক্টে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। খলনায়কের চরিত্রের কাস্টিং নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল।

প্রাথমিকভাবে টোভিনো থমাসের নাম শোনা গেলেও শিডিউল সমস্যার কারণে তিনি সরে দাঁড়ান। বর্তমানে এই চরিত্রে শাহিদ কাপুরকে নেওয়ার বিষয়ে জোর গুঞ্জন চললেও নির্মাতারা এখনও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘কেজিএফ’ ও ‘সালার’খ্যাত সুরকার রবি বসরুর।
এ ছাড়া চলচ্চিত্র মহলে একটি জোরালো গুঞ্জন রয়েছে যে, ‘ড্রাগন’ সিনেমাটি হয়তো দুটি ভিন্ন পর্বে মুক্তি দেওয়া হতে পারে। তবে নির্মাতারা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেননি।
বর্তমানে সিনেমাটির চূড়ান্ত মুক্তির তারিখ ২০২৭ সালের ১১ জুন নির্ধারণ করা হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এনটিআর ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ড্রাগনের এই রহস্যময় এবং শক্তিশালী দাপট দেখার জন্য।
পিআরি/টিকে