কেউ আর কারিনা কিংবা আলিয়া হতে চায় না: করণ জোহর
ছবি: সংগৃহীত
০৭:১৭ পিএম | ২৩ মে, ২০২৬
একটা সময় ছিল, যখন পর্দায় কোনও নায়ক-নায়িকাকে দেখেই তাঁদের মতো পোশাক পরা, চুল কাটা কিংবা সাজগোজ করার হিড়িক পড়ে যেত ভক্তদের মধ্যে। সিনেমা শুধু বিনোদনের মাধ্যম ছিল না, বরং ফ্যাশন আর জীবনযাপনের বড় অনুপ্রেরণাও ছিল। তবে সময় বদলেছে। বদলেছে দর্শকের মানসিকতাও। এমনটাই মনে করছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
সম্প্রতি এক আলোচনায় বলিউড তারকাদের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে করণ জানান, এখন আর কেউ আলিয়া ভাট, কারিনা কাপুর কিংবা দীপিকা পাড়ুকোনের মতো হতে চান না। বরং বর্তমান প্রজন্ম নিজেদের আলাদা পরিচয় তৈরি করতেই বেশি আগ্রহী।

বলিউডে করণ জোহরের নাম উঠলেই আলিয়া ভাটের প্রসঙ্গ চলে আসে। দীর্ঘদিন ধরেই আলিয়ার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ শুনে আসছেন তিনি। কারিনা কাপুরের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বহুবার আলোচনা হয়েছে। কিন্তু এবার সেই তারকাদের প্রসঙ্গেই ভিন্ন সুর শোনা গেল তাঁর কণ্ঠে।
করণের মতে, একসময় দর্শকরা পর্দার তারকাদের অন্ধভাবে অনুসরণ করতেন। কোনও অভিনেত্রীর পোশাক কিংবা কোনও অভিনেতার চুলের ধরন মুহূর্তেই জনপ্রিয় হয়ে উঠত। মাধুরী দীক্ষিতের পোশাক থেকে শুরু করে সালমান খানের একটি ছবির বিশেষ চুলের ছাঁট সবই একসময় নতুন ধারা তৈরি করেছিল। ফ্যাশন দুনিয়াও সেই তারকাকেন্দ্রিক চাহিদার ওপর নির্ভর করত।
তবে এখন পরিস্থিতি একেবারেই আলাদা। করণ মনে করেন, বর্তমান প্রজন্ম আর কারও অনুকরণ করতে চায় না। তাঁরা নিজেদের মতো করে সাজতে, চলতে এবং পরিচিত হতে চান। তাঁর ভাষায়, এখন মানুষ নিজের স্বাতন্ত্রকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কারণ বর্তমান সময়ে ব্যক্তিত্বই সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছে।
করণের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সময়ের সঙ্গে বলিউড তারকাদের প্রভাব আগের তুলনায় কমেছে। আবার কেউ কেউ বলছেন, ডিজিটাল যুগে দর্শকের পছন্দের পরিধি বেড়ে যাওয়ায় এককভাবে কোনও তারকার প্রভাব আগের মতো কাজ করছে না।
পিআরি/টিকে