© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রণদীপের না বলা চরিত্রেই ভাগ্য খুলেছিল অক্ষয় খান্নার

শেয়ার করুন:
রণদীপের না বলা চরিত্রেই ভাগ্য খুলেছিল অক্ষয় খান্নার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৯ পিএম | ২৩ মে, ২০২৬
বলিউড অভিনেতা অক্ষয় খান্নাকে নিয়ে নতুন করে দর্শকমহলে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে তাঁর অভিনয়, উপস্থিতি এবং চরিত্র বাছাই আবারও তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে অনেকেই জানেন না, অক্ষয়ের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুযোগ একসময় ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা রণদীপ হুডা।

২০২৫ সালে মুক্তি পাওয়া ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাওয়া’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি সম্ভাজিকে ঘিরে নির্মিত এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। আর মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা যায় অক্ষয় খান্নাকে। ছবিতে তাঁর অভিনয় দর্শক এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল। প্রায় ৭০০ কোটি রুপির ব্যবসা করে ছবিটি সেই বছরের অন্যতম সফল ছবির তালিকায় জায়গা করে নেয়।

তবে এই চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব গিয়েছিল রণদীপ হুডার কাছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ছবিটি করতে রাজি হননি। পরে সেই সুযোগই যায় অক্ষয় খান্নার হাতে। আর সেই চরিত্রই যেন নতুন করে আলোচনায় ফিরিয়ে আনে তাঁকে।



সম্প্রতি এক সাক্ষাৎকারে রণদীপ জানান, সেই সময় তাঁর নিজের অভিনীত ‘সাভারকার’ ছবিকে ঘিরে নানা আইনি জটিলতা তৈরি হয়েছিল।

আদালতে যাতায়াত এবং ছবিকে কেন্দ্র করে ধর্মীয় বিতর্ক তৈরি হওয়ায় মানসিক চাপেও ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে আবারও ধর্মীয় বা রাজনৈতিক সংবেদনশীলতা রয়েছে এমন কোনও ছবিতে যুক্ত হতে চাননি অভিনেতা।

রণদীপের ভাষায়, তখন তিনি নতুন কোনও ঝামেলায় জড়াতে চাননি। বিশেষ করে হিন্দু-মুসলিম সম্পর্কের বিষয় নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর আরও সতর্ক হয়ে গিয়েছিলেন তিনি। তাই ‘ছাওয়া’র মতো বড় প্রস্তাব পেয়েও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, এই ছবির পর থেকেই অক্ষয় খান্নার ক্যারিয়ারে নতুন গতি আসে বলে মনে করছেন অনেকে। শুধু প্রশংসাই নয়, তাঁর পারিশ্রমিকও ধীরে ধীরে বাড়তে শুরু করে। দীর্ঘদিন পর আবারও বলিউডে শক্তিশালী অভিনেতা হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেন তিনি।

পিআরি/টিকে

মন্তব্য করুন