© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমানের বিয়ে না হওয়ার কারণ জানালেন বাবা সেলিম!

শেয়ার করুন:
সালমানের বিয়ে না হওয়ার কারণ জানালেন বাবা সেলিম!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ পিএম | ২৩ মে, ২০২৬
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান। বয়স ষাট ছুঁইছুঁই হলেও এখনও তিনি বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত তারকাদের একজন। ক্যারিয়ারে অসংখ্য সফল ছবি, কোটি কোটি অনুরাগী, আলোচিত প্রেম সবই আছে তাঁর জীবনে। শুধু নেই বিয়ে। বছরের পর বছর ধরে একই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে, কবে বিয়ে করবেন সালমান? কিন্তু সেই প্রশ্নের উত্তর আজও অজানা।

বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সালমান। সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ তালিকাটা বেশ দীর্ঘ। কিন্তু কোনও সম্পর্কই শেষ পর্যন্ত বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছায়নি। এবার সেই না-বিয়ের কারণ নিয়েই মুখ খুললেন তাঁর বাবা, চিত্রনাট্যকার সেলিম খান।

সম্প্রতি এক আলোচনায় সেলিম জানান, খুব অল্প বয়স থেকেই সিনেমার জগতে কাজ করছেন সালমান। দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে করতে সহ-অভিনেত্রীদের প্রেমে পড়া অস্বাভাবিক কিছু নয়। তবে সমস্যাটা অন্য জায়গায়। সেলিমের মতে, সালমান এমন একজন জীবনসঙ্গী খোঁজেন, যিনি সংসারকে প্রাধান্য দেবেন। ঘর সামলাবেন, সন্তানদের বড় করবেন, পরিবারের দেখভাল করবেন ঠিক যেমনটা তাঁর মা সালমা খান করেছেন।



সেলিম বলেন, সালমান আসলে নিজের মায়ের প্রতিচ্ছবি খোঁজেন তাঁর সঙ্গিনীর মধ্যে। তিনি চান, তাঁর স্ত্রীও পরিবারের প্রতি একই রকম নিবেদিত থাকবেন। কিন্তু বর্তমান সময়ের অভিনেত্রীদের জীবনযাপন, কাজের ধরন আর উচ্চাকাঙ্ক্ষা সেই প্রত্যাশার সঙ্গে মেলে না বলেই মনে করেন তিনি।
তাঁর কথায়, অভিনয় জগতের নারীরা নিজেদের ক্যারিয়ার নিয়েও সমান সচেতন। তাঁরা চাইলেও সাধারণ গৃহিণীর মতো জীবন কাটাতে পারবেন না। আর এখানেই তৈরি হয় দূরত্ব।

সালমানের প্রেমজীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্ক। তাঁদের প্রেম যেমন শিরোনামে ছিল, তেমনই বিচ্ছেদও তৈরি করেছিল ব্যাপক আলোচনা। পরে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিনেতা অভিষেক বচ্চনকে। অন্যদিকে ক্যাটরিনা কাইফও সংসার শুরু করেছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে।

এখনও পর্যন্ত সালমানের নাম রোমানিয়ার শিল্পী ইউলিয়া ভান্টুরের সঙ্গে জড়িয়ে শোনা যায়। তবে সেই সম্পর্ক কোন দিকে এগোবে, তা এখনও স্পষ্ট নয়। আর তাই বলিউডের ‘চিরকুমার’ নায়ককে ঘিরে বিয়ের প্রশ্নও যেন থেকে যাচ্ছে আগের মতোই।

পিআরি/টিকে

মন্তব্য করুন