প্রান্তিক মানুষের গল্পে কানে নেপালি সিনেমার ইতিহাস
ছবি: সংগৃহীত
০৮:১০ পিএম | ২৩ মে, ২০২৬
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়েছে নেপালি সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। চলমান ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জিতে নিয়েছে ‘আঁ সার্তে রিগা’ বিভাগের জুরি প্রাইজ। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো নেপালি চলচ্চিত্র কান উৎসবে পুরস্কার অর্জনের কৃতিত্ব দেখাল।
সিনেমাটির রচনা ও পরিচালনা করেছেন অভিনাশ বিক্রম শাহ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগেই সিনেমাটি আলোচনায় আসে, কারণ এটিই প্রথম নেপালি চলচ্চিত্র যা কানের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়।
মূল প্রতিযোগিতা বিভাগের সমান্তরালে আয়োজিত এই বিভাগে সাধারণত সাহসী গল্প ও নতুন নির্মাতাদের কাজকে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ থেকে এই বিভাগে নির্বাচিত প্রথম সিনেমা আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।
নেপালের দক্ষিণ তেরাই অঞ্চলের বনঘেরা গ্রাম থোরিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ এর গল্প। সমাজের প্রান্তিক অবস্থানে থাকা ট্রান্সজেন্ডার নারীদের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে এতে।
সিনেমার কেন্দ্রীয় চরিত্র পিরাতি, যিনি একটি কিন্নর সম্প্রদায়ের নেত্রী। প্রিয় মানুষটির সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেন তিনি। কিন্তু হঠাৎ তার এক ‘মেয়ে’ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলে ব্যক্তিগত মুক্তি আর নিজের সম্প্রদায়ের প্রতি দায়িত্ব- এই দুইয়ের মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন পিরাতি।
পুরস্কার গ্রহণের সময় মঞ্চে আবেগঘন বক্তব্য দেন নির্মাতা অভিনাশ বিক্রম শাহ। তিনি বলেন, “সিনেমা অন্ধকারের ভেতরেও আলো খুঁজে নিতে পারে। দীর্ঘদিন ধরে পিরাতি ও তার মেয়েদের মতো মানুষের জীবন অদৃশ্য হয়ে ছিল। এই গল্পকে এখানে নিয়ে আসা এবং এই স্বীকৃতি পাওয়ার মাধ্যমে আমরা সেই প্রান্তিক মানুষদের আলোয় নিয়ে এসেছি।”

সিনেমাটিতে অভিনয় করেছেন পুষ্পা থিং, দীপিকা যাদব, জ্যাসমিন বিশ্বকর্মা, শান্তি গিরি, গৌরি মাল্লা, মাওৎসে গুরুং, সঞ্জয় গুপ্তা দূরা, মহিমা নওয়াবাগ এবং আকাঙ্ক্ষা কার্কি।
‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ নির্মিত হয়েছে নেপালের আন্ডারগ্রাউন্ড টকিজ নেপাল ও জয়ন্তী ক্রিয়েশন্সের প্রযোজনায়। এছাড়া সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছে ফ্রান্স, জার্মানি, ব্রাজিল ও নরওয়ের একাধিক প্রতিষ্ঠান।
এই অর্জনকে নেপালি চলচ্চিত্রের জন্য এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন আন্তর্জাতিক চলচ্চিত্র বিশ্লেষকেরা।
পিআরি/টিকে