বরুণ শুধু একজন ভালো অভিনেতাই নন, একজন অসাধারণ সন্তানও: ডেভিড ধাওয়ান
ছবি: সংগৃহীত
০৮:২৩ পিএম | ২৩ মে, ২০২৬
রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিতে আবারও ফিরছেন বরুণ ধাওয়ান। আর সেই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তাঁর বাবা, জনপ্রিয় নির্মাতা ডেভিড ধাওয়ান। বহু প্রতীক্ষিত ‘হ্যায় জাওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’ ছবির প্রচার-ঝলক প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েই যেন আবেগে ভেসে গেলেন পরিচালক। ছেলেকে পাশে দাঁড় করিয়ে এমন কিছু কথা বললেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ডেভিড ধাওয়ান বলেন, বরুণ শুধু একজন ভালো অভিনেতাই নন, একজন অসাধারণ সন্তানও। জীবনের প্রতিটি কঠিন সময়ে ছেলেকে পাশে পেয়েছেন তিনি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালেও বরুণ তাঁকে একা ছেড়ে যাননি। হাসপাতালের কেবিনেই বাবার পাশে রাত কাটিয়েছেন অভিনেতা।
ছেলের কথা বলতে বলতে ডেভিডের কণ্ঠ বারবার কেঁপে উঠছিল। তিনি বলেন, একজন পরিচালক হিসেবে বরুণ তাঁর প্রত্যাশা পূরণ করতে পারছে, কিন্তু একজন বাবা হিসেবে তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি এমন একজন সন্তান। ডেভিডের কথায়, বরুণের মতো ছেলে সবার ভাগ্যে জোটে না।

বাবার মুখে এমন আবেগঘন কথা শুনে নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন বরুণ। মঞ্চেই বাবাকে জড়িয়ে ধরেন তিনি। বাবার চোখের জল মুছিয়ে আদর করে চুম্বনও করতে দেখা যায় অভিনেতাকে। বাবা-ছেলের এই মুহূর্ত দেখে উপস্থিত অতিথিরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
এই ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর ও পূজা হেগড়ে। প্রচার-ঝলক দেখে ইতিমধ্যেই বোঝা যাচ্ছে, ছবিতে থাকছে জটিল প্রেম, পুরোনো সম্পর্কের টানাপোড়েন এবং একের পর এক মজার মোড়। পুরো গল্প এগোবে ত্রিকোণ প্রেমকে ঘিরে।
এটি বরুণ ও ডেভিড ধবনের একসঙ্গে চতুর্থ কাজ। এর আগেও তাঁদের জুটি দর্শকদের উপহার দিয়েছে একাধিক ব্যবসাসফল ছবি। আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
পিআরি/টিকে