© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাফল্যের পরও বলিউড থেকে কেন হারিয়ে গেলেন প্রিয়া গিল?

শেয়ার করুন:
সাফল্যের পরও বলিউড থেকে কেন হারিয়ে গেলেন প্রিয়া গিল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ২৩ মে, ২০২৬
পাঞ্জাবের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে একসময় বলিউডে নিজের পরিচিতি তৈরি করেছিলেন অভিনেত্রী প্রিয়া গিল। সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে শুরু হয়েছিল তাঁর যাত্রা। ১৯৯৫ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর অভিনয়ের জগতে পা রাখেন তিনি। ধীরে ধীরে সুযোগও আসতে শুরু করে। অমিতাভ বচ্চনের প্রযোজনায় প্রথম বড় সুযোগ পান প্রিয়া। এরপর শাহরুখ খান, নাগার্জুন, অজিত কুমারের মতো জনপ্রিয় তারকাদের বিপরীতেও অভিনয় করেন তিনি। কিন্তু হঠাৎ করেই যেন হারিয়ে যান আলোচনার বাইরে।

প্রিয়ার জীবনটা শুরু থেকেই সহজ ছিল না। অভিনয়ে আসার আগেই সেনাবাহিনীর এক পাইলটের সঙ্গে বাগদান হয়েছিল তাঁর। কিন্তু এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় সেই যুবকের। ব্যক্তিগত জীবনের সেই ভয়াবহ ধাক্কা ভেঙে দিয়েছিল প্রিয়াকে। পরে পরিবারের সমর্থন নিয়ে আবারও নতুন করে জীবন শুরু করেন তিনি।

ঠিক সেই সময় বলিউডে একের পর এক নতুন মুখ উঠে আসছিল। সুস্মিতা সেন, রানি মুখোপাধ্যায়, পরে ঐশ্বরিয়া রাই সবাই তখন নিজেদের জায়গা তৈরি করছেন। একই সময়ে বলিউডে পা রাখায় অনেকেই প্রিয়ার সঙ্গে ঐশ্বরিয়ার তুলনাও টানতে শুরু করেন। তবে সৌন্দর্য আর অভিনয় দক্ষতা থাকলেও ভাগ্য যেন পুরোপুরি সহায় হয়নি তাঁর।

‘সির্ফ তুম’ ছবির মাধ্যমে প্রথম বড় পরিচিতি পান প্রিয়া। কিন্তু এরপর ধারাবাহিকভাবে বড় সুযোগ খুব একটা আসেনি। একসময় তিনি নাকি অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলেন। ঠিক তখনই জীবনের মোড় ঘুরিয়ে দেয় ‘জোশ’ ছবির প্রস্তাব।



এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান প্রিয়া। শুরুতে ছবিটির জন্য আমির খান ও রানি মুখোপাধ্যায়কে ভাবা হলেও শেষ পর্যন্ত তাঁরা সরে দাঁড়ান। সেই সুযোগই আসে প্রিয়ার কাছে। ছবির একটি দৃশ্যে শাহরুখ খানকে চড় মারতে হয়েছিল তাঁকে। কিন্তু বাস্তবে শাহরুখকে চড় মারতে গিয়ে খুবই অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী। বারবার চেষ্টা করেও ঠিকভাবে দৃশ্যটি করতে পারছিলেন না। পরে সাহস করে দৃশ্যটি সম্পন্ন করেন তিনি। শোনা যায়, দৃশ্যটি এতটাই বাস্তব হয়েছিল যে পরিচালক মুহূর্তের জন্য ‘কাট’ বলতেও ভুলে গিয়েছিলেন।

তবে ক্যারিয়ারের সেই আলোচিত মুহূর্তও প্রিয়াকে দীর্ঘদিন বলিউডে ধরে রাখতে পারেনি। ২০০৬ সালের পর ধীরে ধীরে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেন চলচ্চিত্র জগৎ থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর কোনও উপস্থিতি নেই। তাঁকে ঘিরে নানা গুঞ্জন শোনা গেলেও নিশ্চিত তথ্য খুব কমই পাওয়া যায়।

অনেকের দাবি, প্রিয়া নাকি বিয়ে করে ডেনমার্কে বসবাস করছেন। যদিও এ বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী। শেষবার ২০১৬ সালে প্যারিসে এক অনুরাগীর সঙ্গে তোলা একটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকেই যেন পুরোপুরি আড়ালে চলে গেছেন একসময়কার জনপ্রিয় এই অভিনেত্রী।

পিআরি/টিকে

মন্তব্য করুন