‘সকলেরই অতীত থাকে’, করণকে নিয়ে মুখ খুললেন তেজস্বী
ছবি: সংগৃহীত
০৯:৩৬ পিএম | ২৩ মে, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় জুটি তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রা। গত চার বছর ধরে তাঁদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। একসঙ্গে একাধিক অনুষ্ঠানে হাজির হওয়া থেকে শুরু করে বিয়ের গুঞ্জন সব মিলিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তাঁরা। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে প্রেমিক করণ কুন্দ্রার অতীত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ নিয়ে মুখ খুললেন তেজস্বী।
বর্তমানে তাঁরা একসঙ্গে অংশ নিচ্ছেন একটি নতুন অনুষ্ঠানে। সেখানেই বিয়ের প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে করণের প্রাক্তন প্রেমিকা অনুষা দাণ্ডেকরের অভিযোগের বিষয়টিও। কয়েক বছর আগে করণের বিরুদ্ধে সম্পর্কে প্রতারণার অভিযোগ এনে সরব হয়েছিলেন অনুষা। সেই বিতর্ক সে সময় বেশ চর্চিত হয়েছিল।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তেজস্বী খুব শান্তভাবেই নিজের মত জানান। অভিনেত্রীর কথায়, প্রত্যেক মানুষেরই একটি অতীত থাকে। কারও অতীত জনসমক্ষে আসে, আবার কারও আসে না।
সত্যিই প্রতারণা করেছিলেন কি না, তা নিয়ে তিনি কোনও সিদ্ধান্তে পৌঁছাতে চান না। কারণ, বিষয়টি নিয়ে করণ তাঁর নিজের দিকের কথা তেজস্বীকে জানিয়েছেন।
তেজস্বী বলেন, বাইরের মানুষ কী ভাবছে বা কী বলছে, তা নিয়ে করণ খুব একটা ভাবিত নন। তবে তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল, আসল ঘটনাটা যেন তিনি জানতে পারেন। আর সেই কারণেই কর্ণ নিজের বক্তব্য তাঁর কাছে পরিষ্কার করেছেন।
প্রসঙ্গত, প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর ২০২০ সালে বিচ্ছেদ হয় করণ ও অনুষার। বিচ্ছেদের পর এক অনুষ্ঠানে নাম না করে অনুষা অভিযোগ করেছিলেন, একটি পরিচিত সম্পর্কভিত্তিক মুঠোফোন মাধ্যমের প্রচারের কাজ করতে গিয়ে করণ অন্য নারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি তিনি আরও দাবি করেন, সেই কাজটিতে করণকে সুযোগ পাইয়ে দিতেও সাহায্য করেছিলেন তিনি।
অনুষার অভিযোগ ছিল, যে মাধ্যমে তাঁরা দু’জন একসঙ্গে প্রচারে যুক্ত ছিলেন, সেই মাধ্যম ব্যবহার করেই নাকি করণ অন্য নারীদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। সেই সময় এই মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল বিনোদন জগতে।
তবে অতীতের সেই বিতর্ক এখন আর তেজস্বী-করণের সম্পর্কে প্রভাব ফেলছে না বলেই মনে করছেন অনুরাগীরা। বরং একসঙ্গে কাজ, প্রকাশ্যে উপস্থিতি এবং পারস্পরিক বোঝাপড়া দেখে অনেকেই মনে করছেন, তাঁদের সম্পর্ক আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে।
পিআরি/টিকে