এবার সন্তানের মুখ দেখার অপেক্ষায় কারিশমা তান্না!
ছবি: সংগৃহীত
১০:১৪ পিএম | ২৩ মে, ২০২৬
চলতি বছরের এপ্রিল মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নতুন জীবনের এই অধ্যায়কে ঘিরে অনুরাগীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও শুভেচ্ছার ঢল। এবার সেই মাতৃত্বের বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুললেন তিনি।
সম্প্রতি দক্ষিণ ভারতীয় ঐতিহ্য ও তুলু রীতি মেনে অনুষ্ঠিত হলো কারিশমা তান্নার সাধের অনুষ্ঠান, যা পরিচিত গোদ ভরাই নামে। স্বামী বরুণ বাঙ্গেরার সঙ্গে এই বিশেষ দিনে একেবারে ঐতিহ্যবাহী সাজে ধরা দেন অভিনেত্রী।

অনুষ্ঠানে কারিশমা তান্নাকে দেখা যায় সোনালি রঙের সিল্কের শাড়িতে। গলায় ও কানে ঐতিহ্যবাহী গয়নার সাজে তিনি হয়ে ওঠেন একেবারে উজ্জ্বল। অন্যদিকে বরুণ বাঙ্গেরা পরেছিলেন সাদা কুর্তা, যা পুরো পরিবেশে এক শান্ত ও পরিপাটি আবহ তৈরি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিশেষ দিনের কিছু মুহূর্ত ভাগ করে নিয়ে করিশ্মা লেখেন, দক্ষিণ ভারতীয় রীতিতে প্রথম সাধের অনুষ্ঠানের অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত আবেগঘন। তুলু ঐতিহ্য, মন্ত্রোচ্চারণ, ফুলের সাজ ও প্রতিটি আচার-অনুষ্ঠান কাছ থেকে অনুভব করা তাঁর জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা বলে জানান তিনি।
কারিশমা ও বরুণের সম্পর্ক শুরু হয় ২০২১ সালে। দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালে মুম্বাইতে ধুমধাম করে বিয়ে করেন তাঁরা। গায়ে হলুদ থেকে শুরু করে মেহেন্দি ও রিসেপশন প্রতিটি অনুষ্ঠানই সে সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
এখন অপেক্ষা নতুন অতিথির আগমনের। মাতৃত্বের এই সুন্দর সময় উপভোগ করছেন অভিনেত্রী, আর অনুরাগীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁকে।
পিআরি/টিকে