পথকুকুরদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বার্তা রাভিনার
ছবি: সংগৃহীত
১০:২৩ পিএম | ২৩ মে, ২০২৬
পাঞ্জাবে পথকুকুরের সংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন এলাকায় হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের বিশেষ অভিযান শুরু হওয়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটেই এবার সরব হলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা শেয়ার করে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের প্রতি অনুরোধ জানিয়েছেন, যাতে পথকুকুরদের সরানোর প্রক্রিয়ায় মানবিকতা বজায় রাখা হয়। তাঁর মতে, যেসব প্রাণী নিজেদের হয়ে কথা বলতে পারে না, তাদের প্রতি আচরণই মানবিকতার প্রকৃত মানদণ্ড।

রাভিনা ট্যান্ডন আরও বলেন, শুধুমাত্র ধরে নিয়ে গিয়ে সরিয়ে দেওয়া পথকুকুর সমস্যার স্থায়ী সমাধান নয়। তাঁর মতে, নির্বীজকরণ, টিকাকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করাই এই সমস্যার কার্যকর সমাধান হতে পারে।
প্রাণী অধিকার রক্ষার পক্ষে দীর্ঘদিন ধরেই সরব এই অভিনেত্রী। এর আগেও বিভিন্ন সময়ে পশুদের প্রতি নির্যাতন বা অবহেলার ঘটনায় প্রতিবাদ জানাতে দেখা গেছে তাঁকে। এবারও তাঁর এই অবস্থান সামাজিক মাধ্যমে অনেকের সমর্থন পেয়েছে বলে জানা গেছে।
পাঞ্জাব প্রশাসনের চলমান অভিযানে পথকুকুরদের নিয়ে নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতেই মানবিক দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রাভিনা ট্যান্ডন।
পিআরি/টিকে