কানের লাল গালিচায় প্রেমানন্দ মহারাজের ছবি নিয়ে আলোচনায় অঞ্জলি ফোগাট
ছবি: সংগৃহীত
০৯:২১ এএম | ২৪ মে, ২০২৬
কান চলচ্চিত্র উৎসব মানেই বিশ্ব ফ্যাশনের এক বড় মঞ্চ। প্রতি বছর এই উৎসবের লাল গালিচায় তারকাদের পোশাক, সাজ আর উপস্থিতি নিয়ে আলোচনা হয় বিশ্বজুড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে অসংখ্য তারকার ভিড়েও আলাদা করে সবার নজর কাড়লেন ভারতীয় বংশোদ্ভূত ফ্যাশন ডিজাইনার অঞ্জলি ফোগাট।
লাল গালিচায় পা রাখতেই তাঁর সাজ নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই তাঁর সাজে খুঁজে পেয়েছেন রাধার আবহ। আকাশি নীল রঙের লেহেঙ্গা, জালের ওড়না আর মুক্তো দিয়ে সাজানো দীর্ঘ বিনুনি সব মিলিয়ে এক অনন্য রূপে ধরা দেন তিনি। কোমরে ছিল শ্রীকৃষ্ণের নকশা, যা তাঁর সাজে এনে দেয় ভিন্ন মাত্রা।
তবে পোশাকের চেয়েও বেশি যেটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি ছিল তাঁর হাতে থাকা বিশেষ পার্স। সেই পার্সে ছিল প্রেমানন্দ মহারাজের ছবি। আন্তর্জাতিক এই মঞ্চে আধ্যাত্মিকতার এমন প্রকাশ মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে ভারতীয় সংস্কৃতি ও বিশ্বাসের এক ব্যতিক্রমী উপস্থাপন বলেও মন্তব্য করেছেন।

অঞ্জলি ফোগাট শুধু ফ্যাশন ডিজাইনার নন, তিনি একজন সমাজসেবী ও সামাজিক মাধ্যমের পরিচিত মুখও। বর্তমানে যুক্তরাষ্ট্রের ওহাইওতে বসবাস করলেও তাঁর শিকড় ভারতের হরিয়ানার রোহতকে। দর্শন ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। পরে ফ্যাশন জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেন। তাঁর প্রতিষ্ঠিত বিলাসবহুল পোশাক ব্র্যান্ড ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে।
সম্প্রতি ভারতীয় সনাতন সংস্কৃতি ও আধ্যাত্মিকতা নিয়ে কাজ করেই বেশি আলোচনায় এসেছেন অঞ্জলি। কানের মঞ্চেও সেই পরিচয়ই যেন আরও স্পষ্টভাবে তুলে ধরলেন তিনি।
এবারের কান চলচ্চিত্র উৎসবে বলিউড তারকাদের পাশাপাশি ভারতের বিভিন্ন আঞ্চলিক অঙ্গনের তারকা ও সামাজিক মাধ্যমের জনপ্রিয় মুখদেরও দেখা গেছে। আলিয়া ভাট, ঐশ্বরিয়া রাই, অদিতি রাও হায়দারি থেকে শুরু করে করণ জোহরের উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি বাংলার জনপ্রিয় কনটেন্ট নির্মাতা নিরঞ্জন মণ্ডলও জায়গা করে নিয়েছেন আলোচনায়। তবে সবার মাঝে অঞ্জলি ফোগাট নিজের স্বতন্ত্র উপস্থিতিতেই আলাদা করে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে।
পিআর/টিকে