© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুরি করা হয়েছে গান-গল্প, নতুন ছবি মুক্তির আগেই বিতর্কে ডেভিড ধাওয়ান

শেয়ার করুন:
চুরি করা হয়েছে গান-গল্প, নতুন ছবি মুক্তির আগেই বিতর্কে ডেভিড ধাওয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ এএম | ২৪ মে, ২০২৬
বলিউডে পুরোনো ছবি নতুনভাবে ফিরিয়ে আনার প্রবণতা নতুন নয়। তবে সেই চেষ্টাই এবার তৈরি করল বড় বিতর্ক। পরিচালক ডেভিড ধাওয়ানের আসন্ন ছবি ঘিরে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রযোজক বাশু ভাগনানি। তাঁর দাবি, শুধু জনপ্রিয় গানই নয়, পুরোনো ছবির গল্পের অংশও ব্যবহার করা হয়েছে অনুমতি ছাড়া।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বিবি নাম্বার ওয়ান’ সেই সময় ব্যাপক সাড়া ফেলেছিল। সালমান খান, কারিশমা কাপুর ও সুস্মিতা সেন অভিনীত ছবিটির অন্যতম জনপ্রিয় গান ছিল ‘চুনরি চুনরি’। সেই গানই নাকি আবার ব্যবহার করা হয়েছে ডেভিড ধাওয়ানের নতুন ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এ। আর এতেই ক্ষুব্ধ বাশু ভাগনানি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রযোজক অভিযোগ করেন, গানটির ব্যবহার নিয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাঁর দাবি, ছবির অডিও স্বত্ব আলাদা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হলেও ছবির আবেগ ও উপস্থাপনার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। তাই অন্তত সৌজন্যবশত তাঁর সঙ্গে কথা বলা উচিত ছিল।



শুধু গান নয়, নতুন ছবির গল্পের সঙ্গেও ‘বিবি নাম্বার ওয়ান’-এর মিল রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বাশুর কথায়, তিনি নিজেই ডেভিড ধাওয়ানকে একসময় বলেছিলেন পুরোনো সেই ছবির নতুন সংস্করণ বানানোর কথা। কিন্তু পরবর্তীতে তাঁকে না জানিয়েই অন্যভাবে কাজ এগিয়ে নেওয়া হয়েছে।

এ সময় ‘কুলি নাম্বার ওয়ান’ ছবির প্রসঙ্গও টেনে আনেন তিনি। গোবিন্দা অভিনীত পুরোনো সেই ছবি একসময় বক্স অফিস কাঁপালেও বরুণ ধাওয়ানকে নিয়ে তৈরি নতুন সংস্করণটি ব্যর্থ হয়। বাশুর দাবি, সেই ছবির কারণে প্রায় ২৭ কোটি টাকার ক্ষতি হয়েছিল তাঁর। যদিও তিনি নিজেকে নামমাত্র প্রযোজক বলেই উল্লেখ করেন।

প্রযোজকের ভাষ্য, মহামারির সময় ডেভিড ধাওয়ান তাঁকে আশ্বাস দিয়েছিলেন ভবিষ্যতে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এরপর ‘বিবি নাম্বার ওয়ান’ নিয়ে নতুনভাবে কাজ শুরু হয়। প্রায় ছয় মাস ধরে চিত্রনাট্য নিয়েও কাজ চলে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর এগোয়নি।

বাশু আরও জানান, নতুন ছবিতে ‘চুনরি চুনরি’ গান ব্যবহারের খবর পেয়ে তিনি নিজেই ডেভিড ধাওয়ানকে ফোন করেছিলেন। তখনই জানতে পারেন, একটি সংগীত প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ হচ্ছে। বিষয়টি তাঁকে ভীষণ কষ্ট দিয়েছে বলেও জানান তিনি।

আগামী ৫ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিটির। এতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে। তবে মুক্তির আগেই ছবিটিকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন বলিউডের অন্যতম আলোচিত বিষয়।দের মনে।

পিআর/টিকে

মন্তব্য করুন