© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কানের সমাপনী অনুষ্ঠানের লাল গালিচায় সাদা পোশাকে নজর কাড়লেন ঐশ্বরিয়া

শেয়ার করুন:
কানের সমাপনী অনুষ্ঠানের লাল গালিচায় সাদা পোশাকে নজর কাড়লেন ঐশ্বরিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ এএম | ২৪ মে, ২০২৬
কান চলচ্চিত্র উৎসব আর ঐশ্বরিয়া রাই বচ্চন এই দুই নাম যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে নিজের উপস্থিতি দিয়ে আলো ছড়িয়েছেন বলিউডের এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে আবারও নিজের অনন্য উপস্থিতিতে সব আলো কাড়লেন ঐশ্বরিয়া।



সমাপনী অনুষ্ঠানের লাল গালিচায় সাদা পোশাকে হাজির হন তিনি। ডিজাইনার চেনি চ্যানের তৈরি বিশেষ টাক্সেডো আর নাটকীয় পালকের আবরণে তৈরি হয়েছিল এক রাজকীয় আবহ। আত্মবিশ্বাসী উপস্থিতি, মুগ্ধকর ভঙ্গি আর পরিমিত সাজে ঐশ্বর্য যেন আবারও মনে করিয়ে দিলেন কেন তিনি এখনও আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনের অন্যতম আলোচিত নাম।

এদিনের উপস্থিতি ছিল তাঁর দ্বিতীয় লুক। এর আগে উৎসবের শুরুতেই ‘দ্য বার্থডে পার্টি’ ছবির প্রদর্শনীতে নীল রঙের ঝলমলে পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। সেই সাজ নিয়েও সামাজিক মাধ্যমে হয়েছিল বিস্তর আলোচনা। পরে ‘লাইটস অন উইমেনস ওয়ার্থ’ অনুষ্ঠানে মেয়েকে সঙ্গে নিয়ে হাজির হন ঐশ্বরিয়া । সেখানে কোমল গোলাপি রঙের পোশাকে দেখা যায় তাঁকে, আর লাল পোশাকে নজর কাড়ে মেয়ে আরাধ্যা বচ্চনও।



যদিও উৎসবের প্রথম দিনের সাজ নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, সমাপনী অনুষ্ঠানের লুক যেন সব সমালোচনার জবাব দিয়ে দিল। নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। অনেকেই বলছেন, বয়সের সঙ্গে সঙ্গে তাঁর ব্যক্তিত্ব আর সৌন্দর্য যেন আরও গভীর হয়েছে।

২০০২ সালে ‘দেবদাস’ ছবির প্রিমিয়ারের মাধ্যমে প্রথম কান চলচ্চিত্র উৎসবে পা রেখেছিলেন ঐশ্বরিয়া । শাহরুখ খান ও সঞ্জয় লীলা বানসালির সঙ্গে সেই উপস্থিতি আজও স্মরণীয় হয়ে আছে ভক্তদের কাছে। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক মঞ্চে ভারতের অন্যতম পরিচিত মুখ।

২০০৩ সালে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের বিচারক মণ্ডলীর সদস্য হওয়ার গৌরবও অর্জন করেন তিনি। এরপর বিদ্যা বালান ও দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীরাও সেই দায়িত্ব পালন করেছেন। তবে ঐশ্বর্যের ধারাবাহিক উপস্থিতি এখনও আলাদা গুরুত্ব বহন করে।

বছরের পর বছর স্বামী অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে কানে হাজির হয়েছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর সঙ্গে নিয়মিত দেখা যাচ্ছে মেয়ে আরাধ্যাকে। মা-মেয়ের এই উপস্থিতিও এখন কানের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

পিআর/টিকে

মন্তব্য করুন