© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাকা নিয়ে ছবি না করার অভিযোগ, সোহমের বিরুদ্ধে মামলা দায়ের

শেয়ার করুন:
টাকা নিয়ে ছবি না করার অভিযোগ, সোহমের বিরুদ্ধে মামলা দায়ের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০১ এএম | ২৪ মে, ২০২৬
টলিউড অভিনেতা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তাঁর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা প্রতারণা এবং ভয়ভীতি দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ।

অভিযোগকারী তরুণ দাস নামে এক ব্যবসায়ী। বালুরঘাটের বাসিন্দা ওই ব্যক্তির দাবি, ২০১৮ সালে তিনি একটি বাণিজ্যিক বাংলা ছবি প্রযোজনার পরিকল্পনা করেছিলেন। সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য যোগাযোগ করা হয় সোহম চক্রবর্তীর সঙ্গে। কথাবার্তার পর পারিশ্রমিক বাবদ কয়েক ধাপে অভিনেতাকে মোট ১৫ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়।



তরুণ দাসের অভিযোগ, টাকা নেওয়ার পর খুব দ্রুত শুটিং শুরু করার আশ্বাস দিয়েছিলেন সোহম। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন অজুহাতে বারবার পিছিয়ে দেওয়া হতে থাকে শুটিংয়ের দিনক্ষণ। কখনও পেশাগত ব্যস্ততা, কখনও অন্য কাজের কারণ দেখিয়ে ছবির কাজ আর শুরুই হয়নি।

পরিস্থিতি জটিল হয়ে ওঠে পরে। অভিযোগকারীর দাবি, আর্থিক সমস্যার মধ্যে পড়ে তিনি অভিনেতার কাছে গিয়ে হয় ছবির কাজ শুরু করতে, না হলে অগ্রিম টাকা ফেরত দিতে অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধের বদলে তাঁকে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

তরুণ দাসের কথায়, টাকা ফেরত চাইতেই তাঁকে মারাত্মক পরিণতির হুমকি দেওয়া হয়েছিল। এমনকি বেশি চাপ দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে দাবি তাঁর। দীর্ঘদিন প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি কোনো পদক্ষেপ নিতে সাহস পাননি বলেও জানিয়েছেন অভিযোগকারী।

সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলের পরই থানার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর গত বৃহস্পতিবার রাতে বালুরঘাট থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

এই বিষয়ে অভিনেতা সোহম চক্রবর্তীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোন ও বার্তা পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি বলে জানা গেছে।

টলিউডের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি সোহম রাজনীতিতেও সক্রিয় ছিলেন। গত বিধানসভা নির্বাচনে নদিয়ার করিমপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে এই নতুন অভিযোগ সামনে আসতেই আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তাঁর নাম।

পিআর/টিকে

মন্তব্য করুন