© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিকিনি পরা ছবি ঘিরে তোলপাড়, আইনি পদক্ষেপ নিলেন অভিনেত্রী

শেয়ার করুন:
বিকিনি পরা ছবি ঘিরে তোলপাড়, আইনি পদক্ষেপ নিলেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩২ এএম | ২৪ মে, ২০২৬
সামাজিক মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়ে অভিনেত্রী রুক্মিণী বসন্তের কিছু বিকিনি পরা ছবি। অনেকেই প্রথমে ছবিগুলোকে সত্যি বলে বিশ্বাস করেছিলেন। কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করেছিলেন ছবিগুলোর সত্যতা নিয়ে। কিন্তু বিতর্ক আরও বাড়ে যখন অভিনেত্রীর মতো দেখতে এক নারীকে সুইমিং পুলের পাশে ক্যামেরা দলের সঙ্গে দেখা যায় এমন একটি ভিডিওও সামনে আসে। আর তাতেই শুরু হয় তুমুল আলোচনা।

অবশেষে পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই সব ছবি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি। নিজের সামাজিক মাধ্যমের পাতায় দেওয়া এক বার্তায় রুক্মিণী বলেন, তিনি ও তাঁর দল এই ধরনের কৃত্রিম ছবি নজরে পেয়েছেন, যেগুলো তাঁর নামে ছড়ানো হচ্ছে। এই কাজকে তিনি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলেও উল্লেখ করেন।



অভিনেত্রীর অভিযোগ, এই ধরনের ছবি শুধু বিভ্রান্তিই ছড়ায় না, ব্যক্তিগত গোপনীয়তারও গুরুতর লঙ্ঘন ঘটায়। তাই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইনি ও সাইবার অপরাধ দমন সংক্রান্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে সবাইকে অনুরোধ করেছেন, এ ধরনের ভুয়া ছবি বা ভিডিও আর শেয়ার না করতে।

দক্ষিণী চলচ্চিত্রের পরিচিত মুখ রুক্মিণী বসন্ত মূলত কন্নড় সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। বেঙ্গালুরুতে জন্ম নেওয়া এই অভিনেত্রী ধীরে ধীরে দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় নিজের অবস্থান শক্ত করেছেন। ২০২৩ সালে ‘সপ্ত সাগরদাচে এল্লো সাইড এ’ ছবিতে অভিনয়ের পর প্রশংসা কুড়ান তিনি। এরপর ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ ছবির মাধ্যমে আরও বড় পরিসরে পরিচিতি পান।

বর্তমানে তাঁর হাতে রয়েছে একাধিক বড় বাজেটের ছবি। ‘টক্সিক’ ও ‘ড্রাগন’ নামের আসন্ন দুটি সিনেমা ঘিরেও দর্শকদের আগ্রহ রয়েছে তুঙ্গে। তবে নতুন এই বিতর্ক তাঁর ব্যক্তিগত জীবনকে অস্বস্তিতে ফেলেছে বলেই মনে করছেন অনেকে।

এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়। গত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একাধিক অভিনেত্রীর ভুয়া ছবি ও ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। রাশমিকা মন্দানা থেকে ক্যাটরিনা কাইফ  অনেক তারকাই এর শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকারও। সামাজিক মাধ্যমগুলোকে দ্রুত ভুয়া কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছিল।

রুক্মিণীর ঘটনাটি আবারও সামনে এনে দিল কৃত্রিম প্রযুক্তির অন্ধকার দিক। প্রযুক্তির অপব্যবহার যে ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে, সেই আশঙ্কাই আরও স্পষ্ট হয়ে উঠল এই ঘটনায়।

পিআর/টিকে

মন্তব্য করুন