তিন দিনেই শতকোটি পার করল ‘দৃশ্যম ৩’
ছবি: সংগৃহীত
১০:৪৬ এএম | ২৪ মে, ২০২৬
মাত্র ক্লাস ফোর পাস করা এক ব্যক্তি কঠিন মানসিক দৃঢ়তা ও বুদ্ধিমত্তায় কীভাবে প্রশাসনের উচ্চশিক্ষিত কর্মকর্তাদের নাকানিচুবানি খাইয়ে পরিবারকে রক্ষা করেছেন সেই কাহিনির এক চমকপ্রদ চিত্রায়ণ ‘দৃশম’। প্রথম দুই পর্বের পর ২১ মে দক্ষিণী মেগাতারকা মোহনলালের জন্মদিনে মুক্তি পায় ‘দৃশ্যম ৩’। মুক্তির পরই ঝড় তুলেছে সিনেপর্দায়, এমনকি বক্স অফিসেও। মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির অঙ্ক পার করেছে মোহনলাল অভিনীত ও জিতু জোসেফ পরিচালিত সিনেমাটি।
সিনেমা রেটিং ও বক্স অফিস পর্যালোচনাকারী প্রতিষ্ঠান স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহান্ত এই ক্রাইম ড্রামা থ্রিলারটি বিশ্বব্যাপী মোট ১১৭.১৭ কোটি রুপি সংগ্রহ করেছে। তৃতীয় দিন শনিবার সিনেমাটির ৫ হাজার ১৮৫টি শো প্রদর্শিত হয়।
মোহনলালের ‘দৃশম ৩’ আগের দুই অধ্যায়ের চেয়ে একটি ভিন্ন আবেগঘন পথে এগোয়। সাসপেন্সনির্ভর থ্রিলারের নতুন অধ্যায়টি আগের চেয়েও বেশি পরিকল্পিত, যা জর্জ কুট্টির সিদ্ধান্তের মানসিক পরিণতির ওপর গভীর আলোকপাত করে।
স্ত্রী ও দুই মেয়ে নিয়ে প্রত্যন্ত গ্রামে সুখে জীবনযাপন করা কেবল ব্যবসায়ী জর্জ কুট্টির (মোহনলাল) জীবনে নেমে আসে অন্ধকার। একটি অপ্রত্যাশিত অপরাধে পরিবারকে আইনের অন্ধকার দিক থেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। বুদ্ধিমত্তা ও দৃঢ় মানসিকতা দিয়ে রক্ষা করেন পরিবারকে। আবারও নেমে এসেছে সেই বিপদ। মোহনলাল এবার কীভাবে রক্ষা করবেন সেই কাহিনি আসলে না দেখলে বিশ্বাস করা কষ্ট।
তৃতীয় দিন শেষে সিনেমাটি বিদেশে ২৫ কোটি রুপি সংগ্রহ করেছে। ফলে এর মোট আন্তর্জাতিক সংগ্রহ দাঁড়িয়েছে ৭০ কোটি টাকায়। এরই মধ্যে দৃশ্যম ৩-এর মোট সংগ্রহ ১১৮ কোটি রুপি ছাড়িয়েছে।

কাহিনির গতিপথ কিছুটা ধীর হলেও সমালোচক ও দর্শকদের কাছ থেকে প্রশংসাই পেয়েছে মোহনলালের এই ক্রাইম থ্রিলার। তাই এটি বিপুলসংখ্যক দর্শককে প্রেক্ষাগৃহে টানতে সক্ষম হয়েছে।
মোহনলাল ছাড়াও ‘দৃশ্যম ৩’-এ মীনা, আনসিবা হাসান, এস্থার অনিল ও আশা শরৎ তাদের আগের পর্বগুলোর জনপ্রিয় চরিত্রে পুনরায় অভিনয় করেছেন।
পিআর/টিকে