‘অপয়া’ তকমা থেকে সুপারস্টার, কীভাবে ঘুরে দাঁড়ান বিদ্যা বালান?
ছবি: সংগৃহীত
১২:১২ পিএম | ২৪ মে, ২০২৬
একসময় বলিউডে নিজের জায়গা তৈরি করতে গিয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী বিদ্যা বালান। কেরিয়ারের শুরুর দিকে একের পর এক প্রজেক্ট থেকে তাঁকে বাদ দেওয়া হয় বলে জানা যায়। মোট ১৩টি প্রজেক্ট থেকে বাদ পড়ার পর ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে তাঁর নিয়ে তৈরি হয় নানা ধরনের গুঞ্জন।
কখনও তাঁকে ‘অপয়া’ বলা হয়েছে বলে অভিযোগ, আবার কখনও বলা হয়েছে তাঁর উপস্থিতির কারণে প্রজেক্ট ব্যর্থ হয়েছে। এই ধরনের মন্তব্য ও প্রত্যাখ্যান ধীরে ধীরে তাঁর আত্মবিশ্বাসে আঘাত করে। একসময় নিজেই বলেছিলেন, আয়নার সামনে দাঁড়াতেও তাঁর লজ্জা লাগত।
তবে এসবের মধ্যেও থেমে যাননি বিদ্যা। ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। অভিনয়ের প্রতি ভালোবাসা ও লড়াইয়ের মানসিকতা তাঁকে এগিয়ে নিয়ে যায় নতুন পথে। শুরুর দিকে টেলিভিশন ধারাবাহিক ‘হাম পাঁচ’-এর মাধ্যমে অভিনয়ে প্রবেশ করেন তিনি, যা তাঁর জন্য দরজা খুলে দেয় চলচ্চিত্র জগতে।

তবে বলিউডে তাঁর পথ সহজ ছিল না। একাধিক ব্যর্থতা ও সুযোগ হারানোর পরও তিনি চেষ্টা চালিয়ে যান। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে ২০১০ সালের পর থেকে। ‘নো ওয়ান কিলড জেসিকা’ ও ‘কাহানি’-র মতো ছবির মাধ্যমে তিনি দর্শকের মন জয় করেন।
এরপর আসে তাঁর কেরিয়ারের মোড় ঘোরানো ছবি ‘দ্য ডার্টি পিকচার’। সিল্ক স্মিতার জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ছবিটি তাঁকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এই ছবির সাফল্যের পর বিদ্যা প্রমাণ করেন, একা একজন অভিনেত্রীও পুরো ছবিকে টেনে নিয়ে যেতে পারেন।
পরবর্তী সময়ে ‘তুমহারি সুলু’, ‘শকুন্তলা দেবী’ এবং ‘শেরনি’-র মতো ছবিতে অভিনয় করে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেন। সাম্প্রতিক সময়ে ‘ভুল ভুলাইয়া’ সিরিজের অংশ হয়েও তিনি বক্স অফিসে সফলতা পেয়েছেন।
আজ বিদ্যা বালান বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী হিসেবে পরিচিত, যাঁর কেরিয়ার প্রমাণ করে দেয় যে প্রত্যাখ্যানই কখনও কখনও সাফল্যের সবচেয়ে বড় জ্বালানি হয়ে ওঠে।
পিআর/টিকে