রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব: করণ কুন্দ্রা
ছবি: সংগৃহীত
১২:২৯ পিএম | ২৪ মে, ২০২৬
চার বছরের সম্পর্কের পর অবশেষে বাগ্দান সেরেছেন করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। ‘বিগ বস্ ১৫’-এর ঘর থেকে শুরু হওয়া এই প্রেমের সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে। সম্প্রতি একটি রিয়্যালিটি শোতে অংশ নিয়ে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই জনপ্রিয় জুটি।
নেটফ্লিক্সের নতুন রিয়্যালিটি অনুষ্ঠান ‘দেশি ব্লিং’-এ অংশ নিয়ে করণ জানান, তেজস্বীর অনেক বিষয়েই তাঁকে অতিরিক্ত দায়িত্ব নিতে হয়, যা কখনও কখনও তাঁকে অভিভাবকের মতো অনুভব করায়। তাঁর কথায়, অনেক সময় তিনি নিজেকে তেজস্বীর ম্যানেজার বা দেখভালকারীর মতো মনে করেন। এই ধরনের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

করণ আরও জানান, ভবিষ্যতে সন্তান এলে দায়িত্ব আরও বেড়ে যাবে, এই চিন্তাও তাঁকে ভাবিয়ে তোলে। তাঁর মতে, সম্পর্কের মধ্যে একজনকে অনেক সময় বেশি দায়িত্ব নিতে হচ্ছে বলে ভারসাম্য নিয়ে প্রশ্ন তৈরি হয়।
এই প্রসঙ্গে করণ উদাহরণ দিয়ে বলেন, তেজস্বী অনেক সময় নিজের দৈনন্দিন কাজেও তাঁকে সম্পূর্ণভাবে নির্ভর করেন। ছোটখাটো সিদ্ধান্ত থেকে শুরু করে যাতায়াতের ব্যবস্থাও অনেক সময় তাঁর ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
তবে সব বিতর্কের মাঝেই এই শোতেই করণ হাঁটু মুড়ে বসে তেজস্বীকে বিয়ের প্রস্তাব দেন। বড় হীরের আংটি দিয়ে করা সেই প্রস্তাব আবেগে ভরিয়ে তোলে তেজস্বীকে। তিনি জানান, সেই মুহূর্তে তাঁর হাত-পা কাঁপছিল।
এই পর্ব প্রকাশ্যে আসার পর অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের অপেক্ষার পর সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে গেছেন এই জুটি। তবে একই সঙ্গে করণের মন্তব্য ঘিরে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন মহলে।
পিআর/টিকে