© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘রাজার রাজা’ লুকে দেব, সমাজমাধ্যমে তুমুল জল্পনা

শেয়ার করুন:
‘রাজার রাজা’ লুকে দেব, সমাজমাধ্যমে তুমুল জল্পনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ২৪ মে, ২০২৬
২০০৬ সালে বড়পর্দায় যাত্রা শুরু করেছিলেন দেব। প্রথম ছবি খুব একটা সাফল্য না পেলেও পরের বছরই বদলে যায় ভাগ্য। রোম্যান্টিক নায়ক হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে সময় লাগেনি তাঁর। তারপর একের পর এক বাণিজ্যিক সাফল্য, জনপ্রিয় জুটি আর সুপারহিট ছবির মাধ্যমে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলা ছবির অন্যতম বড় তারকা।

তবে শুধু প্রেমের গল্পেই আটকে থাকেননি দেব। সময়ের সঙ্গে নিজেকে ভেঙেছেন, বদলেছেন। কখনও দেব শঙ্কর রায়চৌধুরী, কখনও শ্যাম মাহাতো, কখনও আবার রঘু ডাকাত একের পর এক ভিন্ন চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন নিজের দক্ষতা। আর সেই কারণেই আজও বক্স অফিসে তাঁর আলাদা রাজত্ব।



এবার ফের নতুন চমক নিয়ে হাজির হলেন সুপারস্টার। রবিবার সকালে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন দেব। সেখানে তাঁকে দেখা যায় একেবারে রাজকীয় অবতারে। ঘিয়ে রঙের ধুতি-পাঞ্জাবি, মাথায় পাগড়ি, মুখে মোটা গোঁফ আর রাজসিংহাসনে বসা দেব মুহূর্তে ভাইরাল সেই ছবি।

ছবির সঙ্গে অভিনেতার ছোট্ট বার্তা, “একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে।” আর এই এক লাইনেই যেন উত্তেজনার পারদ চড়ে যায় অনুরাগীদের মধ্যে। কী আসতে চলেছে, নতুন ছবি নাকি অন্য কোনও বড় ঘোষণা তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

অনেকেরই মনে পড়ে গিয়েছে তাঁর জনপ্রিয় গান ‘রাজার রাজা’র কথা। অনুরাগীদের মতে, পর্দার দেব যেন বাস্তবেও এখন টলিউডের মহারাজ। পোস্টের মন্তব্যঘর ভরে গিয়েছে ভালোবাসা আর আগুনের চিহ্নে।

এই মুহূর্তে ‘দেশু ৭’-এর শুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা। প্রচণ্ড গরমেও শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে চলছে ছবির প্রস্তুতি। সাধারণ মানুষের সঙ্গে মিশে, ছবি তুলে, হাসিমুখে সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁকে। আর সেই সহজ-সরল ব্যবহারেই আরও একবার মন জিতেছেন দেব। এখন শুধু অপেক্ষা ২৫ মের, যখন প্রকাশ্যে আসবে এই রহস্যময় পোস্টের আসল চমক।

পিআর/টিকে

মন্তব্য করুন