এলিয়েন-থ্রিলারে অক্ষয় কুমার!
ছবি: সংগৃহীত
১২:৫৩ পিএম | ২৪ মে, ২০২৬
বলিউডে এবার আসতে চলেছে একেবারে নতুন ধরনের রোমাঞ্চ। ভূত, রহস্য কিংবা অ্যাকশনের বাইরে এবার ভিনগ্রহী আতঙ্ক নিয়ে বড়পর্দায় হাজির হতে চলেছেন অক্ষয় কুমার। ছবির নাম ‘শামুক’। জানা গিয়েছে, এটি ভারতের প্রথম বড় বাজেটের এলিয়েন থ্রিলার হতে চলেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই খবর নিশ্চিত করেছেন অক্ষয়। অভিনেতার কথায়, সায়েন্স ফিকশন এবং এলিয়েন হররের মিশেলে তৈরি এই ছবি শুধু তাঁর কেরিয়ারেই নয়, ভারতীয় সিনেমাতেও এক নতুন অধ্যায় খুলতে পারে। চিত্রনাট্য শোনার পরই তিনি ছবিটিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

ছবিটি পরিচালনা করছেন কনিষ্ক বর্মা। প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিপুল অমৃতলাল শাহ, আশিন শাহ এবং অক্ষয় কুমার নিজে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রায় ১২ বছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় ও বিপুল শাহ। এর আগে তাঁদের জুটি একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছে দর্শকদের।
বলিউডে এলিয়েন বা সায়েন্স ফিকশন ঘরানার ছবি খুব কমই তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই ‘শামুক’ ঘিরে কৌতূহল বাড়ছে সিনেমাপ্রেমীদের মধ্যে। ইতিমধ্যেই অনুরাগীদের একাংশ মনে করছেন, এই ছবি ভারতীয় সিনেমায় নতুন ট্রেন্ড তৈরি করতে পারে।
অক্ষয়ের হাতে এই মুহূর্তে একাধিক বড় প্রোজেক্ট থাকলেও, ‘শামুক’ নিয়ে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। কারণ, এই ছবিতে তাঁকে একেবারে অন্য ধাঁচের চরিত্রে দেখতে পাবেন দর্শক। এখন শুধু অপেক্ষা, কবে প্রকাশ্যে আসে ছবির প্রথম ঝলক।
পিআর/টিকে