মোদীকে নিয়ে হঠাৎ প্রশংসায় বলিউড প্রযোজক বনি কাপুর!
ছবি: সংগৃহীত
০১:২৩ পিএম | ২৪ মে, ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে হঠাৎই প্রশংসায় মুখর হলেন বলিউড প্রযোজক বনি কাপুর। দেশের নিরাপত্তা, সংকট মোকাবিলা থেকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানসব কিছু নিয়েই মোদীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
শনিবার নয়াদিল্লিতে হারিন্দার সিং সিক্কার লেখা ‘দ্য চাবিমাস্টার’ বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমান সময়ে ভারতে বাস করতে পেরে তিনি গর্বিত।
বনির কথায়, “দেশের প্রতিরক্ষা থেকে দেশ পরিচালনা সব কিছু যাঁরা সামলাচ্ছেন, তাঁদের জন্য আমি গর্বিত। ভারতীয় হতে পেরে গর্ব হয়। আমি খুশি যে এমন এক সময়ে বাস করছি, যখন আমরা নিরাপদ ও সুরক্ষিত।”

এখানেই থেমে থাকেননি তিনি। প্রধানমন্ত্রী মোদীকে ‘সফল নেতা’ বলেও উল্লেখ করেন বনি কাপুর। তাঁর দাবি, কোভিড অতিমারি, যুদ্ধ পরিস্থিতি, পুলওয়ামা হামলা, উরি কিংবা ‘অপারেশন সিঁদুর’-এর মতো কঠিন সময়ে মোদী দক্ষতার সঙ্গে দেশকে নেতৃত্ব দিয়েছেন।
বনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিও খুব ভাল ভাবে সামলানো হচ্ছে। শুধু দেশেই নয়, গোটা বিশ্বও দেশের জন্য এবং মানবতার জন্য তাঁর অবদানকে স্বীকৃতি দিয়েছে।”
এদিকে রাজনৈতিক মন্তব্যের পাশাপাশি নিজের আগামী কাজ নিয়েও মুখ খুলেছেন প্রযোজক। তিনি জানান, ‘মম ২’-এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন গিরিশ কোহলি। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত ও কারিশমা তান্না।
প্রসঙ্গত, শ্রীদেবী অভিনীত ‘মম’ ছবিটি মুক্তির পর দর্শকমহলে ব্যাপক প্রশংসা পেয়েছিল। তাই সিক্যুয়েল ঘিরেও এখন থেকেই কৌতূহল তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
পিআর/টিকে