© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন হল ভিজিটে যান না অভিনেতা আবির?

শেয়ার করুন:
কেন হল ভিজিটে যান না অভিনেতা আবির?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১০ পিএম | ২৪ মে, ২০২৬
টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। বড়পর্দায় তাঁর ছবি মানেই দর্শকদের আলাদা উন্মাদনা। বিশেষ করে ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজিতে সোনাদার চরিত্রে তিনি বহু দর্শকের মন জয় করেছেন। তবে একটা বিষয় অনেকেই লক্ষ্য করেছেন, বর্তমানে খুব একটা হল ভিজিট করতে দেখা যায় না অভিনেতাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কারণই খুলে বললেন আবির। অভিনেতার কথায়, খুব সচেতন ভাবেই তিনি এখন হল ভিজিট এড়িয়ে চলেন।



আবির জানান, “‘গুপ্তধনের সন্ধানে’ সম্ভবত শেষবার হল ভিজিটে গিয়েছিলাম। তারপর ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ থেকেই সিদ্ধান্ত নিই আর হল ভিজিট করব না।”

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সেই ব্যাখ্যাতেই উঠে এসেছে অভিনেতার অন্যরকম ভাবনা। আবির বলেন, “দর্শকরা কঠোর পরিশ্রমের টাকা খরচ করে সিনেমা দেখতে আসেন। তাই তাঁরা আমাদের সঙ্গে সেলফি তুলতে চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি তো সকলকে সেলফি দিতে পারব না। তখন প্রশ্ন ওঠে কাকে দেব, কাকে দেব না!”

শুধু তাই নয়, অভিনেতার মতে অনেক সময় শিল্পীদের ঘিরে ভিড় জমে যাওয়ায় পরবর্তী শো শুরু হতেও দেরি হয়ে যায়। আর সেটাই তাঁকে আরও বেশি ভাবায়।

আবিরের কথায়, “আমার মনে হয় ছবিটা দর্শকদের সঙ্গে থাকুক। সিনেমা দেখে বাড়ি ফেরার পরে পরিবার বা বন্ধুদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা হোক। সেই অনুভূতিটা বেশি গুরুত্বপূর্ণ।”

বর্তমানে বড়পর্দায় চলছে ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’। গরমের ছুটিতে পরিবার নিয়ে সিনেমা হলে ভিড় করছেন দর্শকরা। রহস্য, অ্যাডভেঞ্চার আর পরিচিত চরিত্রদের নিয়ে ইতিমধ্যেই ছবিটি দর্শকদের মন জয় করেছে।

এই ছবিতেও আবিরের সঙ্গে রয়েছেন ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায় ও রজতাভ দত্ত। বিশেষ করে বহুদিন পর ‘মগনলাল’ দশাননের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত দর্শকরা।

পিআর/টিকে

মন্তব্য করুন