© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘হেরা ফেরি ৩’ থেকে ফের সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল

শেয়ার করুন:
‘হেরা ফেরি ৩’ থেকে ফের সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ পিএম | ২৪ মে, ২০২৬
বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি ৩’ ঘিরে আবারও নতুন বিতর্কের জন্ম হয়েছে। সিনেমাটি ঘোষণার পর থেকেই নানা জল্পনা ও অনিশ্চয়তার মধ্যে ছিল, আর এবার সেই জটিলতা আরও ঘনীভূত হয়েছে বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালের সিদ্ধান্তকে ঘিরে। বলিপাড়ায় এখন জোর গুঞ্জন, পারিশ্রমিক সংক্রান্ত শর্তে অসন্তুষ্ট হয়ে তিনি আবারও ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই ছবির জন্য পরেশ রাওয়ালের পারিশ্রমিক নির্ধারিত হয়েছিল পনেরো কোটি টাকা। চুক্তির শর্ত অনুযায়ী, তাঁর বড় একটি অংশের অর্থ তিনি পেতেন সিনেমা মুক্তির এক মাস পর। এই দীর্ঘ অপেক্ষার শর্তেই নাকি আপত্তি ছিল তাঁর। ধারণা করা হচ্ছে, পুরো অর্থ হাতে পেতে প্রায় দুই বছর অপেক্ষা করতে হতো, যা তিনি গ্রহণ করতে চাননি।

জানা যায়, অভিনেতা ইতোমধ্যেই অগ্রিম নেওয়া অর্থ সুদসহ প্রযোজকদের ফেরত দিয়েছেন। এতে ১৫ শতাংশ সুদ ও অতিরিক্ত ক্ষতিপূরণও অন্তর্ভুক্ত ছিল বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত নির্মাতা বা অভিনেতা পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



এদিকে, সিনেমার শুটিং শুরু হতে আরও সময় বাকি থাকায় মুক্তিও পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে আবারও অনিশ্চয়তার মুখে পড়ল বহু প্রতীক্ষিত এই সিনেমা। দর্শকদের কাছে যা আরও হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ ‘হেরা ফেরি’ মানেই পরেশ রাওয়ালের আইকনিক চরিত্র বাবুরাওয়ের আলাদা জনপ্রিয়তা।

বলিপাড়ার আরেকটি আলোচনার বিষয় হলো, সিনেমাটির একটি প্রোমো শুট করা হয়েছিল অক্ষয় কুমারের অন্য একটি ছবির সেটে। তবে এখন পর্যন্ত পুরো প্রকল্প নিয়ে ধোঁয়াশা কাটেনি।

সব মিলিয়ে ‘হেরা ফেরি ৩’ আবারও শিরোনামে এলেও, সিনেমার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

পিআর/টিকে

মন্তব্য করুন