মাত্র ১০ বছরের ব্যবধানে রিতেশের মায়ের চরিত্রে ভাগ্যশ্রী!
ছবি: সংগৃহীত
০২:৫৬ পিএম | ২৪ মে, ২০২৬
বলিউডে বয়সের ব্যবধান ঘিরে কাস্টিং নিয়ে আলোচনা নতুন নয়। সেই পুরনো বিতর্কেই আবারও আলোচনার কেন্দ্রে এসেছে রিতেশ দেশমুখ ও ভাগ্যশ্রীর নতুন ছবি ‘রাজা শিবাজী’। ছবিতে রিতেশ দেশমুখ যেখানে ছত্রপতি শিবাজীর চরিত্রে অভিনয় করেছেন, সেখানে তাঁর মায়ের চরিত্র জিজাবাইয়ের ভূমিকায় দেখা গেছে ভাগ্যশ্রীকে। আর সেখানেই শুরু হয়েছে নতুন চর্চা।
কারণ বাস্তবে রিতেশ দেশমুখ ও ভাগ্যশ্রীর বয়সের ব্যবধান মাত্র দশ বছরের। ফলে দর্শকমহলে প্রশ্ন উঠছে, এত কম বয়সের ব্যবধানে কীভাবে একজন অভিনেত্রীকে মায়ের চরিত্রে দেখানো হলো। যদিও এই বিষয়টি নিয়ে ভাগ্যশ্রী নিজেই স্পষ্টভাবে জানিয়েছেন, চরিত্রের গুরুত্ব ও ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণেই তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি।
অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, জিজাবাই এমন এক ঐতিহাসিক চরিত্র যাকে ঘিরে বড় হয়েছেন তিনি। তাই বয়সের হিসাব নয়, চরিত্রের গভীরতাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি আরও জানান, জিজাবাই খুব অল্প বয়সেই মা হয়েছিলেন, ফলে চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে বয়সের ব্যবধান ততটা বাধা হয়ে দাঁড়ায়নি।
ছবির চিত্রগ্রাহকও নাকি মন্তব্য করেছেন যে ভাগ্যশ্রীকে ক্যামেরার মাধ্যমে কিছুটা পরিণত দেখাতে হলেও বাস্তবে তিনি এখনও তরুণদের মতোই উজ্জ্বল। এই প্রশংসা অভিনেত্রী বিশেষভাবে স্মরণীয় বলে উল্লেখ করেছেন।

ছবিটিতে শুধু রিতেশ ও ভাগ্যশ্রী নন, আরও রয়েছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, জেনেলিয়া দেশমুখ, সচিন খেডেকর, বিদ্যা বালন ও ফরদিন খানসহ একাধিক তারকা।
এদিকে বয়সের ব্যবধান নিয়ে এই ধরনের কাস্টিং আবারও বলিউডে পুরনো বিতর্ককে নতুন করে সামনে এনেছে। দর্শকদের একাংশ এটিকে বাস্তবতার বাইরে বললেও, অনেকে আবার চরিত্রের প্রয়োজনে এমন সিদ্ধান্তকে স্বাভাবিক বলেই মনে করছেন।
পিআর/টিকে