© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিখোঁজের এক সপ্তাহ পর কানাডিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
নিখোঁজের এক সপ্তাহ পর কানাডিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৮ পিএম | ২৪ মে, ২০২৬
নিখোঁজের এক সপ্তাহ পর কানাডার জনপ্রিয় অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেশটির বিনোদন জগতে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ৪৫ বছর বয়সী এই অভিনেতাকে শেষবার গত ১৫ মে ব্রিটিশ কলম্বিয়ার লায়ন্স বে-তে তার বাড়িতে দেখা গিয়েছিল। এরপর ১৮ মে স্কোয়ামিশ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তার নিখোঁজ হওয়ার রিপোর্ট পায়।



‘ভার্জিন রিভার’, ‘অ্যারো’ এবং ‘দ্য ইর‍্যাশনাল’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিত ম্যাকলিনের হঠাৎ নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উদ্বেগ বাড়তে থাকে। স্থানীয় পুলিশ প্রথমে জনসাধারণের সহায়তা চেয়ে তার খোঁজে অভিযান শুরু করে।

পরে স্কোয়ামিশ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, নিখোঁজের তদন্তের একপর্যায়ে মামলাটি হস্তান্তর করা হয় ব্রিটিশ কলম্বিয়ার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের কাছে।

এরপর ২২ মে লায়ন্স বে এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করে তদন্তকারী সংস্থা। তবে ঠিক কখন ও কীভাবে মরদেহটি পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের কর্পোরাল এস্থার টুপার জানিয়েছেন, নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত এখনো চলমান রয়েছে।
তিনি বলেন, তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ, সাক্ষ্যপ্রমাণ এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে ১৫ মে-এর আগের দিনগুলোতে ম্যাকলিনের গতিবিধি নির্ধারণের চেষ্টা করছেন।

এদিকে ম্যাকলিনের মৃত্যুর খবর প্রকাশের পর তার এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তাকে শ্রদ্ধা জানিয়েছে। সেখানে বলা হয়, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ, পেশাদার এবং অত্যন্ত প্রাণবন্ত মানুষ, যাকে সহকর্মীরা গভীরভাবে মিস করবেন। একই সঙ্গে বিভিন্ন কাস্টিং ডিরেক্টর ও সহকর্মীরাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

২০১৫ সাল থেকে ভ্যাঙ্কুভারভিত্তিক চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে নিয়মিত কাজ করে আসছিলেন ম্যাকলিন। মূলত সহ-অভিনয় চরিত্রে কাজ করলেও ‘সুপারন্যাচারাল’, ‘সাইরেন’, ‘হ্যাপি ফেস’ ও ‘মার্ডার ইন এ স্মল টাউন’-এর মতো একাধিক সিরিজে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নেটফ্লিক্সের ‘ভার্জিন রিভার’-এর সাম্প্রতিক সিজনেও তিনি সংক্ষিপ্তভাবে অভিনয় করেছিলেন।

অভিনয়ের পাশাপাশি স্বাধীন চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ৩০টিরও বেশি প্রযোজনায় কাজ করেছেন এই অভিনেতা।

এসএ/টিএ

মন্তব্য করুন