বুমরাহকে ফুটবলার কেন বললেন রাম চরণ?
ছবি: সংগৃহীত
০৬:১৮ পিএম | ২৪ মে, ২০২৬
দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা রাম চরণকে ঘিরে এবার তৈরি হয়েছে ভিন্ন এক আলোচনা। নতুন ছবি ‘পেড্ডি’র সংগীত প্রকাশনা অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে ভুল করে ‘ফুটবলার’ বলে ফেলেন তিনি। আর সেই একটি ভুল মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় ট্রোল, মিম আর সমালোচনার ঝড়।
ঘটনাটি ঘটেছে ভোপালে আয়োজিত ‘পেড্ডি’ ছবির জমকালো অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়িকা জাহ্নবী কাপুর, সংগীত পরিচালক এ আর রহমানসহ পুরো টিম। অনুষ্ঠানের একপর্যায়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করতে বলা হয় রাম চরণকে।
সেখানে একে একে তিনি সচিন টেন্ডুলকারকে কিংবদন্তি, মহেন্দ্র সিং ধোনিকে শান্ত স্বভাবের মানুষ, বিরাট কোহলিকে আগুন এবং রোহিত শর্মাকে সবার প্রিয় মানুষ বলে উল্লেখ করেন। তবে জসপ্রীত বুমরাহর নাম আসতেই ঘটে বিপত্তি। উত্তেজনার মুহূর্তে ক্রিকেট আর ফুটবল গুলিয়ে ফেলে বুমরাহকে ফুটবলার বলে বসেন অভিনেতা।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় হাস্যরসের খোরাক তৈরি হয়। ক্রিকেটপ্রেমীরা বিষয়টি নিয়ে নানা ধরনের মিম ও ট্রোল করতে শুরু করেন। যদিও বিষয়টি বুঝতে পেরে দেরি করেননি রাম চরণ।
রোববার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি পোস্ট দিয়ে প্রকাশ্যে ক্ষমা চান তিনি। অভিনেতা জানান, মানুষের নাম ভুলে যাওয়ার একটি অভ্যাস তার রয়েছে এবং পুরো ঘটনাটি ছিল একেবারেই অনিচ্ছাকৃত। চারপাশের ভিড় ও উত্তেজনার মধ্যেই এমন মানবিক ভুল হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

শুধু ক্ষমা চেয়েই থেমে থাকেননি রাম চরণ। তিনি আরও বলেন, জসপ্রীত বুমরাহকে তিনি ভীষণ সম্মান করেন এবং ব্যক্তিগতভাবে তার বোলিংয়ের বড় ভক্ত। অভিনেতার এই বিনয়ী আচরণে অনেকেই প্রশংসা করেছেন। ভুল স্বীকার করে দ্রুত ক্ষমা চাওয়ার মানসিকতাকেও ইতিবাচকভাবে দেখছেন ভক্তরা।
এই ঘটনার মাঝেই সামনে এসেছে বুমরাহকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। চলতি আইপিএলে মুম্বইয়ের হয়ে খুব একটা ছন্দে দেখা যায়নি এই তারকা পেসারকে। ১৩ ম্যাচে মাত্র চারটি উইকেট পেয়েছেন তিনি। পরে মুম্বই দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই হালকা চোট নিয়ে খেলছেন বুমরাহ। সেই চোটের প্রভাবেই তার বোলিংয়ে আগের ধার দেখা যায়নি।
একদিকে রাম চরণের ভুল আর ক্ষমা চাওয়ার ঘটনা, অন্যদিকে বুমরাহর চোটের খবর- দুই ভিন্ন জগতের এই ঘটনা এখন একসঙ্গে আলোচনায়। আর তাতেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘পেড্ডি’ ছবির প্রচারণাও।
এসএ/এসএন