রণবীরের বিরুদ্ধে ফারহানের অভিযোগ!
ছবি: সংগৃহীত
০৬:৩১ পিএম | ২৪ মে, ২০২৬
বলিউডের বহুল আলোচিত ছবি ‘ডন ৩’ ঘিরে তৈরি হওয়া জটিলতা এবার নতুন মোড়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে চলা বিতর্কের পর অবশেষে বিষয়টি গড়িয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লইয়ের দরজায়। আর সেই কারণেই সোমবারের সাংবাদিক বৈঠক ঘিরে এখন তুমুল কৌতূহল বলিউডজুড়ে।
জানা গেছে, রণবীর সিং ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর পর নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুরো বিষয়টি এখন খতিয়ে দেখছে ফেডারেশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি জমা দিয়েছে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, যার সদস্য ফারহান আখতার নিজেও।
সোমবার বিকেল চারটায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ডন ৩’ বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করবে ফেডারেশন। এর আগে এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের সত্যতা, পরিস্থিতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান পর্যালোচনা করা হচ্ছে।

প্রায় আড়াই বছর আগে ‘ডন ৩’-এর ঘোষণা আসে। সেই সময় থেকেই ছবিটি ঘিরে আলোচনা শুরু হয়। কারণ, শাহরুখ খানের জায়গায় নতুন ডন হিসেবে আনা হয় রণবীর সিংকে। বিষয়টি অনেক ভক্তই সহজভাবে নিতে পারেননি। সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা, তুলনা আর বিতর্ক।
তবে সব বিতর্কের মধ্যেও ছবিটির সঙ্গে যুক্ত ছিলেন রণবীর। কিন্তু ২০২৫ সালের ডিসেম্বরে আচমকাই তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। অভিনেতার দাবি ছিল, চিত্রনাট্যে একাধিক পরিবর্তনের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
ঠিক সেই সময়েই মুক্তি পায় রণবীর অভিনীত ‘ধুরন্ধর’, যা বক্স অফিসে বড় সাফল্য পায়। এরপর থেকেই ‘ডন ৩’ নিয়ে নতুন করে উত্তাপ ছড়ায় বলিউডে। প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট অভিযোগ তোলে, রণবীর একাধিকবার ছবির শিডিউল পরিবর্তন করেছেন। শুধু তাই নয়, ক্ষতিপূরণ হিসেবে তার কাছে ৪০ কোটি টাকা দাবি করা হয়েছে বলেও খবর প্রকাশ্যে আসে।
যদিও এই পুরো বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি রণবীর সিং। ফলে সোমবারের সাংবাদিক বৈঠককে ঘিরে এখন সবার নজর ফেডারেশনের দিকে। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্তই ঠিক করে দিতে পারে ‘ডন ৩’-এর ভবিষ্যৎ কোন পথে এগোবে।
এসএ/এসএন