© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের আগে একসঙ্গে থাকার পরামর্শ কেন দিয়েছিলেন তেজস্বীর মা?

শেয়ার করুন:
বিয়ের আগে একসঙ্গে থাকার পরামর্শ কেন দিয়েছিলেন তেজস্বীর মা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৪ পিএম | ২৪ মে, ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশকে নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ চার বছরের সম্পর্ক, একসঙ্গে থাকা, বিয়ে নিয়ে দ্বিধা- সব মিলিয়ে তারকাজুটির ব্যক্তিগত জীবন এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রে।

২০২১ সালে জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস’-এর ঘর থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প। এরপর থেকে নানা সময়েই একসঙ্গে দেখা গেছে করণ ও তেজস্বীকে। সম্পর্ক নিয়ে কখনও খুব বেশি লুকোছাপাও করেননি তারা। তবে এতদিন পর এসে বিয়ের প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় উঠে এলেন এই জুটি।

সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর একটি অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন করণ ও তেজস্বী। সেখানেই নিজেদের সম্পর্ক, একসঙ্গে থাকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা কথা বলেন তারা। আলোচনার একপর্যায়ে তেজস্বী জানান, বিয়ের আগে একসঙ্গে থাকার পরামর্শ নাকি তার মা-ই দিয়েছিলেন।



অভিনেত্রীর ভাষ্য, তার মা চেয়েছিলেন তারা যেন একসঙ্গে থেকে পরস্পরকে আরও ভালোভাবে বুঝতে পারেন। সম্পর্ককে সময় দিয়ে তারপর জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও দিয়েছিলেন পরিবারের সদস্যরা। যদিও এখনও সমাজের অনেক মানুষ একত্রবাসকে ভালোভাবে নেন না বলেও মন্তব্য করেন তেজস্বী।

অনুষ্ঠানে আরও একটি প্রশ্ন ঘিরে তৈরি হয় মজার পরিস্থিতি। জানতে চাওয়া হয়, দু’জনের মধ্যে কে এখনও বিয়ের জন্য প্রস্তুত নন। উত্তরে তেজস্বী করণের নাম লিখলেও করণ বলেন, তিনি নাকি দু’জনের নামই লিখতে চেয়েছিলেন। পরে দু’জনই স্বীকার করেন, তারা এখনো বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত নন।

তবে বিয়ে নিয়ে দ্বিধা থাকলেও সম্পর্ক নিয়ে আত্মবিশ্বাসী এই তারকা জুটি। তেজস্বী জানান, তারা জীবনের জন্য প্রস্তুত, শুধু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কিছুটা সময় নিতে চান।

এদিকে তাদের এই মন্তব্য সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। অনেক ভক্তই মনে করছেন, হয়তো খুব শিগগিরই বিয়ের সুখবর দিতে পারেন করণ ও তেজস্বী।

উল্লেখ্য, তেজস্বীর আগে অভিনেত্রী অনুষা দণ্ডেকরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন করণ কুন্দ্রা। ২০২০ সালে সেই সম্পর্কের বিচ্ছেদ হয়। সেই সময় অনুষার কিছু মন্তব্য নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল বিনোদন অঙ্গনে।

এসএ/এসএন

মন্তব্য করুন