স্পাইডারম্যানে কাজ করাটা ছিল একটা স্বপ্নের মতো: জেনডায়া
ছবি: সংগৃহীত
০৭:০১ পিএম | ২৪ মে, ২০২৬
হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি জেনডায়া ও টম হল্যান্ড আবারও একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে।
সম্প্রতি এই ছবিটিতে কাজ করার অভিজ্ঞতাকে একটি ‘স্বপ্ন’ এবং ‘ঘরে ফেরার মতো অনুভূতি’ বলে বর্ণনা করেছেন জেনডায়া। এটি জেনডায়ার ক্যারিয়ারের চতুর্থ মার্ভেল চলচ্চিত্র। এর আগে তিনি ২০১৭ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’, ২০১৯ সালে ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ এবং ২০২১ সালে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই নতুন ছবিটি আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এক সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করে ‘ডিউন’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘স্পাইডারম্যানে কাজ করাটা ছিল একটা স্বপ্নের মতো। আমি প্রতিদিন আমার বেস্টফ্রেন্ড, অর্থাৎ আমি যাকে ভালোবাসি, তার সঙ্গে কাজ করার সুযোগ পাই। আমরা সেটে আমাদের পোষা কুকুরগুলোকেও নিয়ে আসি; এটি যেন পুরোপুরি একটি পারিবারিক বিষয়। আমরা এই সিনেমাগুলোর সঙ্গেই বড় হয়েছি! তাই এখানে কাজ করা মানে ঘরে ফেরার মতোই আনন্দদায়ক।’
‘স্পাইডারম্যান’ ছাড়াও এই জুটি হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলানের পরবর্তী এপিক অ্যাকশন ড্রামা ‘দ্য ওডিসি’-তে একসঙ্গে অভিনয় করছেন। চলচ্চিত্রটি আগামী ১৭ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিনেমায় গ্রীক পুরাণের কিংবদন্তি রাজা ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করছেন ম্যাট ডেমন। জেনডায়াকে দেখা যাবে ওডিসিয়াসের রক্ষক এবং জ্ঞানের দেবী ‘অ্যাথেনা’র চরিত্রে, আর টম হল্যান্ড অভিনয় করছেন ওডিসিয়াসের বিশ্বস্ত পুত্র ‘টেলিম্যাকাস’-এর চরিত্রে।

তবে জেনডায়া জানান, এই সিনেমাটিতে টম ও তার একসঙ্গে কোনো দৃশ্য নেই। স্ক্রিন শেয়ার না করলেও সেটে সহ-অভিনেতার অভিনয় দূর থেকে দেখার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘টমের অভিনয় দেখে আমার চোখে পানি চলে আসছিল, আমি ওর জন্য ভীষণ গর্বিত।’
উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর প্রেমের পর ২০২৪ সালের ডিসেম্বরে জেনডায়া ও টম হল্যান্ডের বাগদান সম্পন্ন হয়। সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, চলতি বছরের শুরুর দিকে তারা গোপনে বিয়েও সেরে ফেলেছেন।
তবে সাক্ষাৎকারে বিয়ের এই গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তা সরাসরি এড়িয়ে যান অভিনেত্রী। বেশ রহস্য ধরে রেখে তিনি বলেন, ‘না, আমি এই বিষয়ে কোনো কথা বলব না। মিডিয়া সবসময়ই কিছু না কিছু খোঁজার চেষ্টা করে।’
সূত্র: ডিএনএ ইন্ডিয়া
এসএ/এসএন