এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার!
ছবি: সংগৃহীত
০৮:১৬ পিএম | ২৪ মে, ২০২৬
দীর্ঘ বিরতির পর আবারও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে অক্ষয় কুমারের হরর- কমেডি ঘরানার ছবি ‘ভূত বাংলা’। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার নতুন এক বড় বাজেটের প্রজেক্ট নিয়ে আলোচনায় বলিউড তারকা অক্ষয় কুমার।
নতুন এই ছবির নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, যা জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির একটি নতুন কিস্তি। জঙ্গলভিত্তিক এই কমেডি- অ্যাডভেঞ্চার সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রকাশিত পোস্টারেই ছবিটির বিশাল আয়োজন, তারকাসমৃদ্ধ কাস্ট এবং ভিন্নধর্মী ভিজ্যুয়াল স্টাইলের ইঙ্গিত মিলেছে।
তবে এরই মধ্যে অক্ষয় কুমারের নতুন আরেকটি সিনেমা নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। এলিয়েন থ্রিলার ঘরানার ছবি ‘সামুক’- এ প্রধান চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। নির্মাতারা জানিয়েছেন, এটি হবে ভারতের সবচেয়ে বড় এলিয়েন অ্যাকশন স্পেকট্যাকল।
ছবিটি প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ এবং সহ-প্রযোজনা করছেন আশিন এ শাহ। পরিচালনার দায়িত্বে রয়েছেন কনিষ্ক ভার্মা। নির্মাতাদের দাবি, আন্তর্জাতিক মানের সারভাইভাল হরর ও এলিয়েন থ্রিলারের সমন্বয়ে তৈরি হচ্ছে এই প্রজেক্ট।

অক্ষয় কুমার জানিয়েছেন, নতুন এই ঘরানার সিনেমায় কাজ করতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত। তার মতে, এলিয়েন থ্রিলার ভারতীয় সিনেমার জন্য তুলনামূলক নতুন ক্ষেত্র, আর ‘সামুক’ সেই নতুন পথচলারই অংশ।
নির্মাতা বিপুল অমৃতলাল শাহ বলেন, তারা সবসময়ই নতুন ধরনের গল্প ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিয়ে কাজ করতে চান। ‘সামুক’ সেই ধারারই একটি সাহসী উদ্যোগ, যা ভারতীয় সিনেমাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে তাদের বিশ্বাস।
পরিচালক কনিষ্ক ভার্মা জানান, আন্তর্জাতিক সাইন্স ফিকশন ও সারভাইভাল থ্রিলার ঘরানার সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েই এই গল্প তৈরি হয়েছে। তার লক্ষ্য ছিল এমন একটি প্রাণী ও পরিবেশ তৈরি করা, যা বাস্তব অনুভূতি দেবে এবং দর্শকের মধ্যে ভয় ও উত্তেজনা একসঙ্গে তৈরি করবে।
এদিকে এই ছবির ভিজ্যুয়াল ও টেকনিক্যাল দিকেও থাকছে বড় চমক। আন্তর্জাতিক পর্যায়ের টিমের পাশাপাশি যুক্ত হয়েছেন খ্যাতনামা ক্রিয়েচার এফেক্টস ডিজাইনার ও স্টান্ট কো- অর্ডিনেটররা, যা ছবিটিকে আরও বাস্তবধর্মী ও আন্তর্জাতিক মানের করে তুলবে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে ‘ভূত বাংলা’র সাফল্যের পর অক্ষয় কুমারের নতুন সিনেমাগুলো ঘিরে বলিউডে আবারও তৈরি হয়েছে জোর আলোচনা।
এসএ/এসএন