© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাম চরণের ‘পেড্ডি’তে টলিউড অভিনেতা রজতাভ

শেয়ার করুন:
রাম চরণের ‘পেড্ডি’তে টলিউড অভিনেতা রজতাভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৭ পিএম | ২৪ মে, ২০২৬
দক্ষিণী সুপারস্টার রাম চরণের আসন্ন সিনেমা ‘পেড্ডি’ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আর সেই ছবির মাধ্যমেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে টলিউডের জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্তের। ট্রেলারে তার মাত্র কয়েক সেকেন্ডের ঝলকই নেটদুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে।

বাংলা সিনেমা ও টেলিভিশনে দীর্ঘদিন ধরে শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত রজতাভ দত্ত এবার পা রাখছেন দক্ষিণী ছবির দুনিয়ায়। খল চরিত্র হোক বা হাস্যরসাত্মক রোল- সব ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতায় তিনি আলাদা ছাপ রেখে এসেছেন। এর আগে হিন্দি সিনেমা ও ওয়েব সিরিজেও তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

‘পেড্ডি’তে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে রজতাভ দত্ত জানান, অভিনয়ে তিনি “ভিন্ন চরিত্র” বলে আলাদা কিছুতে বিশ্বাস করেন না। তার মতে, একজন অভিনেতার নিজস্ব একটি স্বাক্ষর বা স্টাইল প্রতিটি চরিত্রেই থেকে যায়। থিয়েটারের শিক্ষক সলিল বন্দ্যোপাধ্যায়ের কথা উদ্ধৃত করে তিনি বলেন, শিল্পীর সৃষ্টির মধ্যেই তার নিজস্ব পরিচয় প্রতিফলিত হয়।



তিনি আরও জানান, হলিউড অভিনেতা জনি ডেপের একটি বক্তব্যও তাকে প্রভাবিত করে—অভিনেতার নিজের কিছু অংশ না থাকলে চরিত্র কখনোই প্রাণ পায় না। সেই কারণে ‘পেড্ডি’র চরিত্রেও তার নিজস্ব ছাপ থাকবে, তবে গল্পের প্রয়োজনে সেটি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

চরিত্রের স্ক্রিন টাইম খুব বেশি না হলেও সেটি গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে বলেও জানান এই অভিনেতা। ট্রেলারে যেটুকু দেখা গেছে, সেটিই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন তিনি।

বাংলা ও দক্ষিণী সিনেমার বাজেটের পার্থক্য নিয়েও খোলামেলা মন্তব্য করেন রজতাভ দত্ত। তিনি জানান, প্রায় তিনশ থেকে সাড়ে তিনশ কোটি টাকার এই ছবির একদিনের শুটিংয়ের খরচই অনেক সময় বাংলার কয়েকটি ছবির মোট বাজেটের সমান। তবে অর্থের চেয়ে বড় বিষয় হিসেবে তিনি দেখছেন কাজের পরিবেশ ও সম্মানকে।

তার কথায়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শিল্পীদের প্রতি যে আন্তরিকতা ও সম্মান দেখানো হয়, তা তাকে মুগ্ধ করেছে। ছোট থেকে বড়- সবাই সেখানে অভিনয়ের সময় সহানুভূতি ও সহযোগিতা করে থাকেন বলেও জানান তিনি। এমনকি রাম চরণ নিজেও তার অভিনয় দেখে প্রশংসা করেছেন এবং হাত মিলিয়ে উৎসাহ দিয়েছেন বলে উল্লেখ করেন এই অভিনেতা।

সব মিলিয়ে ‘পেড্ডি’ ছবির মাধ্যমে নতুন এক ইন্ডাস্ট্রিতে নিজের অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত রজতাভ দত্ত। একই সঙ্গে দক্ষিণী চলচ্চিত্র জগতে তার এই নতুন যাত্রা ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

এসএ/এসএন

মন্তব্য করুন