© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, আহত অভিনেতা শুভ্রজিৎ সাহা

শেয়ার করুন:
শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, আহত অভিনেতা শুভ্রজিৎ সাহা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩০ এএম | ২৫ মে, ২০২৬
চিত্রনাট্যের সঙ্গে বাস্তবের মিল নতুন কিছু নয়। তবে কখনও কখনও সেই মিল এতটাই অবাক করে দেয়, যা দেখে হতবাক হয়ে যান দর্শক থেকে সহশিল্পীরাও। ঠিক তেমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন ছোটপর্দার অভিনেতা শুভ্রজিৎ সাহা। যে ধারাবাহিকে অভিনয় করছেন, সেখানে তাঁর চরিত্রের পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার দৃশ্য চলছে। আর বাস্তবেও সেটে শুটিং করতে গিয়েই গুরুতর চোট পেলেন অভিনেতা।

‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে বর্তমানে নায়ক রাহুলের আহত হওয়ার গল্প দেখানো হচ্ছে। গল্প অনুযায়ী তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে চরিত্রটি। কিন্তু সেই গল্পই যেন আচমকা বাস্তব হয়ে ধরা দিল অভিনেতা শুভ্রজিৎ সাহার জীবনে।

শুটিং চলাকালীন আচমকা পড়ে যান তিনি। পুরো শরীরের ভার গিয়ে পড়ে ডান পায়ের উপর। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও কিছুক্ষণের মধ্যেই যন্ত্রণা বাড়তে শুরু করে। পা ফুলে যায়। তবুও শুটিং থামাননি অভিনেতা। কাজ শেষ করেই অসহ্য ব্যথার মধ্যে স্ত্রী প্রিয়াঙ্কা মিত্রকে ফোন করেন তিনি।

প্রিয়াঙ্কা তখন বাড়িতেই ছিলেন। খবর পেয়েই ছুটে যান শুটিং সেটে। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ডান পায়ের প্রায় ষাট শতাংশ লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। চিকিৎসক স্পষ্ট জানিয়ে দেন, অন্তত চার সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে।

কিন্তু ধারাবাহিকের মুখ্য চরিত্র হওয়ায় পুরোপুরি শুটিং বন্ধ রাখাও সম্ভব নয়। তাই আপাতত একদিন অন্তর শুটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে লাঠির সাহায্যে হাঁটাচলা করছেন শুভ্রজিৎ। বেশি সময় দাঁড়িয়ে থাকলেই পা ফুলে যাচ্ছে, বাড়ছে যন্ত্রণাও। নিয়মিত ওষুধ খেতে হচ্ছে তাঁকে।



এই কঠিন সময়ে অভিনেতার সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন স্ত্রী প্রিয়াঙ্কা। তিনিই এখন স্বামীকে শুটিং সেটে নিয়ে যাচ্ছেন, আবার বাড়িও ফিরিয়ে আনছেন। কাছের মানুষ হিসেবে প্রতিটি মুহূর্তে পাশে থাকার চেষ্টা করছেন তিনি।

তবে এটিই প্রথম নয়। ধারাবাহিকের শুরু থেকেই একের পর এক দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে শুভ্রজিৎকে। প্রোমো শুটের সময় পড়ে গিয়ে কপাল ফেটে পাঁচটি সেলাই পড়েছিল তাঁর। সেই অবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছিলেন অভিনেতা। কখনও বাইক চালিয়ে, কখনও সমুদ্রের মধ্যে নেমেও দৃশ্য ধারণ করেছেন তিনি। আর এবার লিগামেন্ট ছিঁড়ে ফের আলোচনায় উঠে এলেন ছোটপর্দার এই অভিনেতা।

পিআর/টিকে

মন্তব্য করুন