ব্রিটিশ প্রতিরক্ষা সচিবের বিমান লক্ষ্য করে সাইবার হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত
১০:০৭ এএম | ২৫ মে, ২০২৬
রাশিয়ার সীমান্তের কাছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলিকে বহনকারী একটি বিমানের জিপিএস সংকেত জ্যাম করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে যখন বিমানটি ওই এলাকা দিয়ে উড়ে যাচ্ছিল।
বৃহস্পতিবার (২১ মে) এস্তোনিয়ায় নিয়োজিত ব্রিটিশ সৈন্যদের সাথে দেখা করে দেশে ফেরার পথে এই ঘটনার মুখোমুখি হন তিনি।
ধারণা করা হচ্ছে এই সাইবার হামলার পেছনে সরাসরি রাশিয়া জড়িত রয়েছে। এই জ্যামিংয়ের কারণে তিন ঘণ্টার ফ্লাইট চলাকালীন বিমানটির জিপিএস ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। ফলে পাইলটরা বাধ্য হয়ে একটি বিকল্প নেভিগেশন সিস্টেম ব্যবহার করে বিমানটি নিরাপদে যুক্তরাজ্যে ফিরিয়ে আনেন।
তবে প্রতিরক্ষা সচিবকে ইচ্ছা করেই লক্ষ্যবস্তু করা হয়েছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এই ঘটনার ঠিক একদিন আগেই কৃষ্ণ সাগরের আকাশে ঘটে যাওয়া আরেকটি বিপজ্জনক ঘটনা প্রকাশ্যে আসে। গত মাসে ওই এলাকায় যুক্তরাজ্যের বিমানবাহিনীর একটি নজরদারি বিমানকে রাশিয়ার দুইটি যুদ্ধবিমান অত্যন্ত বিপজ্জনকভাবে বাধা দেয়। ওই সময় একটি রুশ যুদ্ধবিমান ব্রিটিশ বিমানটির এতটাই কাছে চলে আসে যে সেটির জরুরি নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং বিমানের অটোপাইলট বন্ধ হয়ে যায়।
একই সাথে আরেকটি রুশ জেট বিমান ব্রিটিশ বিমানটির মাত্র ১৯ ফুট কাছ দিয়ে বেশ কয়েকবার চক্কর কাটে। রুশ যুদ্ধবিমানগুলোর এমন আচরণের মুখে ব্রিটিশ ক্রু সদস্যরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন, প্রতিরক্ষা সচিব জন হিলি তাদের সেই পেশাদারিত্বের প্রশংসা করেছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে ২০২২ সালের পর সবচেয়ে বিপজ্জনক রুশ পদক্ষেপ বলে উল্লেখ করেছে।
অবশ্য রাশিয়ার সীমান্তের কাছে ব্রিটিশ মন্ত্রীদের বিমান জ্যাম করার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালেও যুক্তরাজ্যের তৎকালীন প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপসকে বহনকারী একটি বিমানের জিপিএস সংকেত একইভাবে জ্যাম করে দেওয়া হয়েছিল।
সূত্র : বিবিসি
আইকে/টিএ