বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের
ছবি: সংগৃহীত
১১:৪৯ এএম | ২৫ মে, ২০২৬
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান (৩৫) ও তার চার বছর বয়সী মেয়ে পুষ্প। আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন আনিছুর রহমান।
সকাল সাড়ে ৬টার দিকে তাদের মোটরসাইকেলটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই বাবা আনিছুর ও শিশু পুষ্পর মৃত্যু হয়। আর গুরুতর আহত হন আয়েশা বেগম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।
বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে।’
এমআর/টিকে