© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি কোনও কিছুর জন্য যথেষ্ট ভালো নই: রাহুল দেব বসু

শেয়ার করুন:
আমি কোনও কিছুর জন্য যথেষ্ট ভালো নই: রাহুল দেব বসু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৮ পিএম | ২৫ মে, ২০২৬
টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বসু নিজের অভিনয় জীবনের শুরু করেছিলেন ছোট পর্দা থেকে। ধীরে ধীরে টেলিভিশনের গণ্ডি পেরিয়ে তিনি জায়গা করে নেন ওটিটি প্ল্যাটফর্মের কাজেও এবং পরবর্তীতে বড় পর্দাতেও নিজের উপস্থিতি জানান দেন। অভিনয়ের ধারাবাহিকতায় তিনি টলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে হিন্দি চলচ্চিত্র জগতেও কাজের সুযোগ পান। এমনকি সৌরভ গাঙ্গুলির জীবনীভিত্তিক সিনেমাতেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে।

তবে এই সাফল্যের মাঝেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ আবেগঘন বার্তা লিখে আলোচনায় আসেন রাহুল দেব বসু। একটি পোস্টে তিনি লেখেন, জীবনের বিভিন্ন সময়ে তাকে বারবার বলা হয়েছে যে তিনি কোনো কিছুর জন্য যথেষ্ট ভালো নন। পড়াশোনা থেকে শুরু করে সামাজিক আচরণ, এমনকি অভিনয় ক্যারিয়ার নিয়েও তাকে নানা সময় হতাশাজনক মন্তব্য শুনতে হয়েছে বলে জানান তিনি।



রাহুল তার লেখায় আরও উল্লেখ করেন, তাকে বলা হয়েছিল তিনি পেশাদার অভিনেতা হতে পারবেন না, বড় পর্দায় টিকে থাকতে পারবেন না, এবং হয়তো শেষ পর্যন্ত ক্যামেরার পেছনের কাজেই সীমাবদ্ধ হয়ে পড়বেন। এমনকি তাকে আঞ্চলিক বিনোদন জগতের মধ্যেই আটকে থাকতে হবে বলেও অনেকেই মন্তব্য করেছিলেন বলে জানান তিনি।

তবে এসব নেতিবাচক মন্তব্যের পরও তিনি থেমে যাননি বলে জানান এই অভিনেতা। তিনি লেখেন, নানা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সময়ও তাকে বলা হয়েছিল তিনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে বদলে নিয়েছেন এবং এমন একজন মানুষে পরিণত হয়েছেন, যা কেউ কখনো কল্পনাও করেনি বলে দাবি করেন তিনি।

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি আরও লেখেন, আগামী বছর তার অভিনয় জীবনের এক দশক পূর্ণ হতে যাচ্ছে এমন এক ইন্ডাস্ট্রিতে, যেখানে প্রতিদিনই অনেক মানুষ হারিয়ে যায়। তিনি এমন চরিত্রে অভিনয় করেছেন, যেগুলো একসময় শুধু স্বপ্ন ছিল বলেও উল্লেখ করেন।

তার ভাষায়, তিনি টেলিভিশনের সীমা ছাড়িয়ে আঞ্চলিক গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়েও নিজের অবস্থান তৈরি করেছেন। জীবনে প্রথমবারের মতো তিনি অনুভব করছেন, নিজেকে তিনি সেই জায়গার উপযুক্ত ভাবতে শুরু করেছেন।

শেষে তিনি লেখেন, তাকে কেউ কিছু করতে পারবে না বললে তিনি তা গ্রহণ করেন না। তার এই মানসিক দৃঢ়তা অহংকার বা প্রতিশোধ নয়, বরং নিজের সীমা অন্য কারও হাতে নির্ধারণ করতে না দেওয়ার এক নীরব জেদ। তার মতে, এই নীরব জেদই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

রাহুল দেব বসুর এই আবেগঘন পোস্ট প্রকাশ্যে আসতেই ভক্তমহলে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই তার পাশে দাঁড়িয়ে সাহস ও অনুপ্রেরণার কথা জানিয়েছেন।

এই ঘটনার পর বিনোদন মহলে নতুন করে আলোচনায় উঠে এসেছে তার ব্যক্তিগত লড়াই ও দীর্ঘ পথচলার গল্প।

পিআর/টিকে

মন্তব্য করুন