অভিনেত্রী মিথিলার জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
০১:০৭ পিএম | ২৫ মে, ২০২৬
দুই বাংলার পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিন আজ। অভিনয়, গান, উপস্থাপনা ও সমাজ উন্নয়নমূলক কাজ সব মিলিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছেন বহুমাত্রিক এক ব্যক্তিত্ব হিসেবে। ছোট পর্দা থেকে বড় পর্দা, দেশ থেকে দেশের বাইরে নিজের কাজের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন এই তারকা।
অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেলেও পেশাগত জীবনে মিথিলা একজন উন্নয়নকর্মী। সমাজ ও মানুষের জন্য কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরেই তিনি যুক্ত আছেন সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু হলেও খুব অল্প সময়ের মধ্যেই অভিনয়ে নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি।

২০০৬ সালে ‘শুনছেন একজন রেডিও জকির গল্প’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় মিথিলার। প্রথম কাজেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক নাটক, টেলিছবি ও বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন ছোট পর্দার পরিচিত মুখ।
শুধু বাংলাদেশেই নয়, টালিউডের চলচ্চিত্রেও অভিনয় করেছেন মিথিলা। দুই বাংলার দর্শকদের কাছেই তার অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও রয়েছে তার পরিচিতি। বিভিন্ন সময় গান গেয়েও তিনি মুগ্ধ করেছেন ভক্তদের।
ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততা মিলিয়ে প্রায়ই আলোচনায় থাকেন মিথিলা। তবে সবকিছুর মাঝেও নিজের কাজ ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা অবস্থান ধরে রেখেছেন তিনি।
জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই তার অভিনয়, ব্যক্তিত্ব ও সমাজসেবামূলক কাজের প্রশংসা করে শুভকামনা জানিয়েছেন।
পিআর/টিকে