করণ যখন অভিনয় শুরু করেন, তেজস্বী তখনও স্কুলছাত্রী!
ছবি: সংগৃহীত
০১:২৫ পিএম | ২৫ মে, ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ আবারও আলোচনায়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর সম্প্রতি একটি অনুষ্ঠানে বাগ্দান সারেন তারা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা। তবে বাগ্দানের আনন্দের মাঝেই এবার সামনে এলো তাদের সম্পর্ক ও ক্যারিয়ারের শুরুর সময়ের কিছু মজার গল্প।
সম্প্রতি করণ ও তেজস্বী হাজির হয়েছিলেন অঙ্গদ বেদী ও নেহা ধুপিয়ার এক পডকাস্ট অনুষ্ঠানে। সেখানেই নিজেদের সম্পর্ক, কর্মজীবন ও ব্যক্তিগত নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তারা।

আড্ডার এক পর্যায়ে করণ কুন্দ্রা জানান, তার অভিনয়জীবনের শুরুটা হয়েছিল একেবারেই অপ্রত্যাশিতভাবে। তিনি বলেন, ২০০৮ সালে তিনি বাবার সঙ্গে ব্যবসার কাজ করতেন এবং একটি কল সেন্টার পরিচালনা করতেন। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একতা কাপুরকে বন্ধু হওয়ার অনুরোধ পাঠান তিনি। পরে একতা তাকে মুম্বাইয়ে আসার পরামর্শ দেন। আর সেখান থেকেই বদলে যায় তার জীবন।
করণ যখন অভিনয়ের জগতে নিজের পথচলা শুরু করছেন, তখন তেজস্বী প্রকাশ ছিলেন স্কুলের ছাত্রী। বিষয়টি নিজেই হাসতে হাসতে জানান অভিনেত্রী। তিনি বলেন, সে সময় অভিনয়ে আসার কোনো পরিকল্পনাই ছিল না তার। পরে সংবাদপত্রে ‘ফ্রেশ ফেস’ হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকেই অডিশনের সুযোগ আসতে শুরু করে। এরপর ধীরে ধীরে অভিনয় জগতে যাত্রা শুরু হয় তার।
তেজস্বী আরও জানান, করণকে প্রথম দেখার আগে তিনি তার খুব বেশি কাজ দেখেননি। শুধু একটি অনুষ্ঠানে করণকে দেখে তার ভালো লেগেছিল। তবে কখনোই ভাবেননি, অভিনয় জগতের কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন। কারণ কাজের জায়গাকে সবসময় আলাদা রাখতে পছন্দ করতেন তিনি।
২০২১ সালে একটি জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় করণ ও তেজস্বীর বন্ধুত্ব তৈরি হয়। সেই বন্ধুত্ব পরে প্রেমে রূপ নেয়। অনুষ্ঠান শেষ হওয়ার পরও তাদের সম্পর্ক অটুট রয়েছে। ভক্তদের কাছেও ‘তেজরন’ নামে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তারা।
বাগ্দানের পর এবার তাদের পুরোনো স্মৃতি ও প্রেমের শুরুর গল্প নতুন করে ভক্তদের আলোচনায় জায়গা করে নিয়েছে।
পিআর/টিকে