© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘ ২২ বছর ঈদে ফিরছে হাবিব-কায়া, সঙ্গে চমক মুজা

শেয়ার করুন:
দীর্ঘ ২২ বছর ঈদে ফিরছে হাবিব-কায়া, সঙ্গে চমক মুজা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ পিএম | ২৫ মে, ২০২৬
দীর্ঘ ২২ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও কায়া। তাঁদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী মুজা।

তিন প্রজন্মের তিন শিল্পী একসঙ্গে নিয়ে আসছেন নতুন গান ‘কই রইলা রে’। 

নতুন গান প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘গানটি নিয়ে অনেক রোমাঞ্চিত, কারণ প্রায় ২২ বছর পর কায়া ভাইয়ের সঙ্গে কোনো কাজ মুক্তি হচ্ছে।

গানটির রেকর্ডিং অনেক আগে হলেও এখনকার স্টাইল এবং অ্যাপ্রোচ অনুযায়ী মিউজিক করা হয়েছে।’

তিন প্রজন্মের এই সংগীতায়োজন নিয়ে হাবিব আরো বলেন, ‘ভবিষ্যতে একটি দারুণ স্মৃতি হয়ে থাকবে।



কায়া ভাইয়ের মাধ্যমে সিলেটি গান দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলাম, আর মুজাও সিলেটি এবং সে ছোটবেলা থেকেই কায়া ভাইয়ের কৃষ্ণ, মায়া অ্যালবাম শুনে অনুপ্রাণিত হয়েছে। তো তিনজন প্রথমবার একসঙ্গে, আশা করি শ্রোতারা ভালো কিছু পাবেন।’

হাবিব জানান, গানটির মূল গীতিকার ও সুরকার সিলেটের ফোক শিল্পী সৈয়দ দুলাল। এটি মূলত একটি রিমেক গান হলেও হাবিব ও মুজার অংশে নতুন কিছু কথা সংযোজন করা হয়েছে।

গানটির ভাবনা সম্পর্কে হাবিব বলেন, ‘গানটি মূলত একটি আধ্যাত্মিক ঘরানার, যেখানে জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোর মাঝে স্রষ্টার অস্তিত্ব বা প্রশান্তি খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে।’

২০০৩ সালে প্রকাশিত ‘কৃষ্ণ’ অ্যালবামের মাধ্যমে বাংলা পপ ও লোকগানের ফিউশনে নতুন ধারা তৈরি করেছিলেন হাবিব ও কায়া। অ্যালবামটির গানগুলো সে সময় তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। 

এরপর ২০০৪ সালে কায়া ও হেলালকে নিয়ে হাবিব প্রকাশ করেন ‘মায়া’ অ্যালবাম। দীর্ঘ বিরতির পর আবারও এই জুটির প্রত্যাবর্তন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

জানা গেছে, গানটি আগামী বুধবার (২৭ মে) হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

পিআর/টিকে 

মন্তব্য করুন