© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ পুরস্কার জিতলেন শাহরুখ পুত্র

শেয়ার করুন:
‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ পুরস্কার জিতলেন শাহরুখ পুত্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩০ পিএম | ২৫ মে, ২০২৬
চিত্রনাট্য ও ওয়েব সিরিজ জগতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশনের সপ্তম পুরস্কার অনুষ্ঠানে বড় সাফল্য পেলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তার পরিচালিত ও সহ-লিখিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ এবারের আসরে একাধিক বিভাগে পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

অনুষ্ঠানে ভারতীয় গল্প বলার ধারাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একাধিক লেখক ও নির্মাতাকে সম্মান জানানো হয়। সেখানে সবচেয়ে বেশি নজর কাড়ে আরিয়ানের নাম, যিনি ডেবিউ চিত্রনাট্যকার হিসেবে নিজের প্রথম কাজেই বড় স্বীকৃতি অর্জন করেছেন।

জানা গেছে, ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজটি কমেডি, মিউজিক্যাল ও রোমান্স বিভাগে সেরা চিত্রনাট্য এবং সেরা সংলাপ দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করে। এই দুই বিভাগে আরিয়ান খান নিজে ছাড়াও সহ-লেখক বিলাল সিদ্দিকী এবং মানব চৌহানও সম্মাননা পান।

নতুন প্রজন্মের গল্প বলার ধরন এবং বলিউড ইন্ডাস্ট্রির ভেতরের বাস্তবতা ও ব্যঙ্গাত্মক উপস্থাপন এই সিরিজকে আলাদা পরিচিতি দিয়েছে বলে মনে করছেন সমালোচকরা। সেই কারণেই প্রথম কাজেই আরিয়ানের এই সাফল্যকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বিভিন্ন বিভাগে একাধিক কাজ পুরস্কৃত হয়। ওয়েব ড্রামা ও ফিচার ফিল্ম বিভাগেও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’, ‘স্টোলেন’ ও ‘হক’ এর মতো কাজগুলো সম্মাননা পায়।



তবে সবকিছুর মাঝেই সবচেয়ে বেশি আলোচনায় থাকে আরিয়ান খানের নাম। বলিউডে নতুন প্রজন্মের একজন নির্মাতা হিসেবে তার এই অর্জন ভবিষ্যতে তার ক্যারিয়ারকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকেই।

সব মিলিয়ে প্রথম বড় কাজেই স্বীকৃতি পেয়ে চিত্রনাট্য জগতে নিজের অবস্থান শক্ত করলেন শাহরুখ-পুত্র।

পিআর/টিকে

মন্তব্য করুন